April 21, 2026, 4:31 am
২০২০ সাল সারা বিশ্বের মানুষের কাছেই ভুলে থাকার মতো একটি বছর। ভারতের অধিনায়ক বিরাট কোহলিও হয়তো যত দ্রুত সম্ভব এই বছরটি ভুলে যেতে চাইবেন। ২০০৮ সালে অভিষেকের পর এই প্রথম সেঞ্চুরি শূন্য একটি বছর কাটালেন বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান।
যদিও করোনা ভাইরাসের কারনে দীর্ঘ ৯ মাস ক্রিকেট থেকে দূরে ছিল ভারত। এ বছরে কোহলি খেলেছেন মাত্র ২২টি আন্তর্জাতিক ম্যাচ। যা গত কয়েক বছরের তুলনায় অনেক কম। এমনকি ২০০৯ সালের পর এই প্রথম এত কম সংখ্যক ম্যাচ খেললেন ভারতের অধিনায়ক। চলমান অস্ট্রেলিয়া সিরিজের বাকি তিন টেস্টে হয়ত সেঞ্চুরি খরা কাটিয়ে উঠতে পারতেন কোহলি। কিন্তু প্রথম সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন তিনি। প্রথম টেস্ট খেলেই তাই দেশের বিমান ধরবেন, খেলবেন না বাকি তিনটি টেস্ট ম্যাচ।
এ বছর কোন সেঞ্চুরি হাঁকাতে না পারলেও ঠিকই ৭টি হাফ সেঞ্চুরি করেছেন কোহলি। যার মধ্যে অস্ট্রেলিয়া সিরিজের সাত ম্যাচের আট ইনিংসে ৪টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। যদিও এই সিরিজে তিনবার সেঞ্চুরির কাছে গিয়েও ব্যর্থ হয়েছেন ভারতের অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৮৯ রান এবং তৃতীয় ওয়ানডেতে ৮৫ রান করে আউট হয়েছিলেন। এমনকি লজ্জার রেকর্ড গড়া দিবা-রাত্রির টেস্ট ম্যাচের প্রথম ইনিংসেও ৭৪ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেছিলেন কোহলি।
২০১৯ সালে ব্যাট হাতে ৭ টি সেঞ্চুরি ও ১৪ টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। ২০১৮ সালে কোহলির সেঞ্চুরির সংখ্যা আরো বেশি। সে বছরে ১১ টি সেঞ্চুরির সঙ্গে ৯ টি হাফ সেঞ্চুরি করেছিলেন। ২০১৭ সালেও তাঁর ব্যাট থেকে এসেছিল ১১ টি সেঞ্চুরি ও সমান সংখ্যক হাফ সেঞ্চুরি।
বিজনেস নিউজ/ এসআর