October 9, 2026, 6:58 am
দেশে জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতিকে ‘সংকট’ বলতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ । তিনি বলেন জ্বালানির কারণে কৃষি, শিল্প বা ব্যবসা-বাণিজ্যে কোনো ব্যাঘাত ঘটেনি।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা মো. শফিকুর রহমানের আনীত ‘দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।
বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি পরিস্থিতিকে সংকট হিসেবে দেখছেন না। তার ভাষায়, জ্বালানি ঘাটতি থাকলে চাষাবাদ ব্যাহত হতো বা শিল্প-কারখানা বন্ধ হয়ে যেত।
কিন্তু বাস্তবে কৃষিকাজ, শিক্ষা কার্যক্রম এবং ব্যবসা-বাণিজ্য স্বাভাবিকভাবেই চলছে।
তিনি আরও জানান, ১৪ এপ্রিলের পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় সহনীয় মাত্রায় জ্বালানির মূল্য সমন্বয় করা হয়েছে, যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হয়েছে।
জ্বালানি তেলের কালোবাজারি ও মজুত প্রসঙ্গে মন্ত্রী বলেন, কোথাও অনিয়ম হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—র্যাব, পুলিশ ও বিজিবি—তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে।
অনলাইনে তেল বিক্রির অবৈধ চক্রও শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। পাশাপাশি প্রতিটি ডিপো ও পাম্পে নিয়মিত তদারকি জোরদার করা হয়েছে।
সীমান্ত দিয়ে জ্বালানি পাচার প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত এলাকায় দামের তারতম্যের কারণে কিছু পাচারের প্রবণতা থাকলেও সরকার তা সফলভাবে নিয়ন্ত্রণে এনেছে।
পুলিশ বাহিনীকে আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বিদ্যমান কাঠামো রাতারাতি পরিবর্তন সম্ভব না হলেও বাহিনীর মনোবল বৃদ্ধি এবং জনগণের আস্থা অর্জনে কাজ চলছে। ‘মব কালচার’ নির্মূলে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন তুলে ধরে মন্ত্রী বলেন, চট্টগ্রামের সলিমপুর জঙ্গল উদ্ধারসহ সুন্দরবন ও সমুদ্র এলাকায় দস্যুতা দমনে সফল অভিযান পরিচালনা করা হচ্ছে।
দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর।
সবশেষে তিনি জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং নেতিবাচক প্রচারণা পরিহারের অনুরোধ করেন।
ইএটি