April 22, 2026, 3:50 pm
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ব্যয় সাশ্রয়ের উদ্যোগ হিসেবে সপ্তাহে একদিন অনলাইনে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। আগামী সপ্তাহ থেকে প্রতি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম অনলাইনে অনুষ্ঠিত হবে।
বুধবার (২২ এপ্রিল) উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭৭তম বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা সূত্রে জানা যায়, সরকারের ব্যয় সংকোচন নীতিমালার আলোকে জ্বালানি ব্যবহার কমানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে অনলাইন কার্যক্রমের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে বিভাগীয় চেয়ারম্যান ও সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, বৈশ্বিক এই সংকটময় সময়ে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হওয়া জরুরি।
একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না—এটি নিশ্চিত করেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, অচিরেই এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন পরিবহন খাতে জ্বালানি ব্যয়ের বিষয়টি তুলে ধরেন।
তিনি জানান, সপ্তাহে অন্তত একদিন পরিবহন কার্যক্রম বন্ধ রাখা গেলে জ্বালানি ব্যয়ে উল্লেখযোগ্য সাশ্রয় সম্ভব।
এসময় সভায় বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর এবং ছাত্রকল্যাণ পরিচালকসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএটি
Leave a Reply
You must be logged in to post a comment.