April 23, 2026, 2:46 pm
দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে সুপারিশ করতে সরকার ও বিরোধীদলের সদস্যদের সমন্বয়ে ১০ সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, এটি একটি বৈশ্বিক সমস্যা এবং এর প্রভাব বাংলাদেশেও পড়েছে।
এ পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেই সরকার এ পদক্ষেপ নিয়েছে।
প্রধানমন্ত্রী জানান, ইতোমধ্যে সরকারি দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যার সভাপতি করা হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে।
কমিটির অন্য সদস্যরা হলেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, মঈনুল ইসলাম খান এবং মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
তিনি বিরোধীদলকে তাদের পক্ষ থেকে পাঁচ সদস্যের নাম দ্রুত দেওয়ার আহ্বান জানান, যাতে পূর্ণাঙ্গ ১০ সদস্যের কমিটি গঠন করে দ্রুত কাজ শুরু করা যায়।
প্রধানমন্ত্রী বলেন, কমিটির সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করা হবে এবং তা বাস্তবসম্মত হলে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিরোধীদলীয় নেতা জ্বালানি সংকট নিয়ে যে উদ্বেগ ও প্রস্তাব তুলে ধরেছেন, তা ইতিবাচকভাবে বিবেচনা করেই এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের স্বার্থে সরকার সব ধরনের গঠনমূলক আলোচনায় অংশ নিতে প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।
পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের আহ্বানে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন, যা প্রশংসনীয়।
তিনি আশা প্রকাশ করেন, জাতীয় সংসদ দেশের গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।
বিরোধীদলীয় নেতা আরও জানান, খুব শিগগিরই তাদের পক্ষ থেকে কমিটির জন্য পাঁচ সদস্যের নাম দেওয়া হবে, যাতে যৌথভাবে কাজ শুরু করা যায়।
ইএটি
Leave a Reply
You must be logged in to post a comment.