May 25, 2026, 11:12 am
আইপিএলে খেলতে না পারলেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের তারকা বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। একাদশ মৌসুমের জন্য লাহোর কালান্দার্স তাকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে।
ফ্র্যাঞ্চাইজিটি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই চুক্তির ঘোষণা দেয়। মোস্তাফিজকে তারা ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে কিনেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকা।
মোস্তাফিজ পূর্বে ২০১৬ ও ২০১৮ মৌসুমে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন। লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা বলেন, “একবার কালান্দার্স হলে, চিরকাল কালান্দার্স। মোস্তাফিজ শুধু একজন খেলোয়াড় নন, তিনি আমাদের পরিবারের অংশ। তার অভিজ্ঞতা ও দক্ষতা পিএসএল ১১-এ শিরোপা ধরে রাখার লড়াইয়ে বড় ভূমিকা রাখবে।”
মোস্তাফিজের অন্তর্ভুক্তিতে দলটির বোলিং আক্রমণ আরও শক্তিশালী হয়েছে। এর আগে লাহোর কালান্দার্স তাদের মূল খেলোয়াড়দের মধ্যে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, ব্যাটার আবদুল্লাহ শফিক, অলরাউন্ডার সিকান্দার রাজা এবং তরুণ প্রতিভা মোহাম্মদ নাঈমকে ধরে রেখেছে।
গত মৌসুমে দলের হয়ে খেললেও সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজকে রিটেইন করা হয়নি। মোস্তাফিজের সঙ্গে এই পরিবর্তন নতুন মৌসুমে লাহোর কালান্দার্সের শক্তি আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।