May 22, 2026, 7:44 pm
নেপালের পোখরায় অনুষ্ঠিত সাফ অ-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। গ্রুপ পর্বে দাপুটে পারফরম্যান্স দেখালেও ফাইনালে পরিকল্পিত ভারতের বিপক্ষে এলোমেলো ফুটবলে ব্যর্থ হয় বাংলাদেশ।
গ্রুপ পর্বে তিন ম্যাচে ১৮ গোল করে এবং একটি গোলও না খেয়ে ফাইনালে ওঠা বাংলাদেশ এদিন একেবারেই ভিন্ন চিত্র উপস্থাপন করে। ফাইনালে বাংলাদেশ কোনো গোল করতে পারেনি, বিপরীতে ভারতের জালে চারবার বল পাঠিয়ে শিরোপা নিশ্চিত করে তারা।
ম্যাচের প্রথমার্ধে ভারতের নিয়ন্ত্রিত ও সংগঠিত খেলায় বাংলাদেশ চাপে পড়ে। ৪২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলে ভারতীয় অধিনায়ক বক্সের ভেতরে সম্পূর্ণ আনমার্কড অবস্থায় সুযোগ পান এবং সহজ প্লেসিংয়ে গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে ভারতের পক্ষে।
দ্বিতীয়ার্ধে বিতর্কিত এক সিদ্ধান্তে ম্যাচ থেকে আরও ছিটকে পড়ে বাংলাদেশ। ৬১ মিনিটে ভারতের একটি লং বল বক্সের সামনে ধরতে গিয়ে ব্যর্থ হন বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান। ফরোয়ার্ডকে বাধা দেওয়ার চেষ্টায় সংঘর্ষ হলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করে ভারত।
এরপর মিনিট কয়েকের মধ্যেই প্রতীমার ব্যাক পাসে আবারও বিপাকে পড়েন ইয়ারজান। শট নিতে গেলে সামনে ছুটে আসেন ভারতের পার্ল ফার্নান্দেজ। গোলরক্ষকের শট প্রতিপক্ষের শরীরে লেগে ফিরে এলে আলতো টোকায় গোল করেন ভারতীয় স্ট্রাইকার।
৮৩ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের আরও একটি ভুলে চতুর্থ গোল হজম করে কোচ বাটলারের দল। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
এর আগে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশ ২-০ গোলে জয় পেয়েছিল। সেই ম্যাচে প্রথমার্ধেই জোড়া গোল করে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। তবে ফাইনালে সেই ছন্দ, আত্মবিশ্বাস কিংবা সংগঠিত রক্ষণ—কোনোটিই দেখা যায়নি। রক্ষণভাগ বারবার পরাস্ত হওয়ার পাশাপাশি গোলরক্ষক ইয়ারজানের একাধিক ভুল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
দাপুটে গ্রুপ পর্বের পর ফাইনালে এমন হতাশাজনক পারফরম্যান্সে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশের অ-১৯ নারী দলকে।