April 22, 2026, 12:09 pm
জামায়াত-শিবিরের রাজনীতিকে ‘গুপ্ত রাজনীতি’ আখ্যা দিয়ে তা নিষিদ্ধের দাবিতে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।
বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন দলীয় টেন্ট থেকে কর্মসূচি শুরু হয়।
কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে ‘গুপ্ত রাজনীতি এই ক্যাম্পাসে চলবে না’, ‘গুপ্ত রাজনীতি নিপাত যাক’সহ নানা প্রতিবাদী স্লোগান লিখেন।
সংগঠনটির দাবি, শিক্ষার্থী ও তাদের নেতাকর্মীদের ওপর সাম্প্রতিক হামলার প্রতিবাদ এবং ক্যাম্পাসে স্বচ্ছ রাজনীতি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল হক বলেন, ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের সময় যেমন দেয়াল লিখনের মাধ্যমে প্রতিবাদ গড়ে উঠেছিল, তেমনি বর্তমানেও শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।
তার মতে, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের গোপন রাজনৈতিক তৎপরতার স্থান থাকা উচিত নয়।
এদিকে, শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ক্যাম্পাসে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।
সব ছাত্রসংগঠনকে নিজ নিজ আদর্শ প্রকাশ্যে তুলে ধরে সুস্থ ধারায় রাজনীতি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না।
কর্মসূচিতে ছাত্রদল নেতারা ইসলামী ছাত্রশিবিরের অতীত ভূমিকা নিয়েও সমালোচনা করেন এবং সংগঠনটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন।
চট্টগ্রাম সিটি কলেজে ‘গুপ্ত’ লেখা ঘিরে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে এই দেয়াল লিখন কর্মসূচি পালন করা হয়েছে বলে জানায় সংগঠনটি।
ইএটি
Leave a Reply
You must be logged in to post a comment.