April 23, 2026, 1:23 pm

চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে অস্ত্রসহ আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ

চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে অস্ত্রসহ আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ

চিকিৎসকদের নিরাপত্তা জোরদারে দেশের প্রায় ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বড় হাসপাতালে অস্ত্রসহ ১০ জন করে আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ-চীন যৌথ সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ) এবং চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এর মাধ্যমে দুই দেশের যৌথ উদ্যোগে সার্জারি ক্লিনিক চালুর পথ আরও সুগম হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই উদ্যোগ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন। এর মাধ্যমে দেশের গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পাশাপাশি চিকিৎসা শিক্ষা ও সেবা খাতে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, এই সমঝোতা শুধু দুটি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং চিকিৎসা শিক্ষা, সার্জারি, গবেষণা এবং দক্ষতা উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রয়েছে।

বিশেষ করে স্বাস্থ্যখাতে চীনের সহায়তা ভবিষ্যতেও আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, রোবোটিক রিহ্যাবিলিটেশন, কার্ডিওভাসকুলার ক্লিনিকসহ আধুনিক চিকিৎসা ব্যবস্থায় চীনের সহযোগিতা ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, এই সমঝোতা দেশের স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।

এর মাধ্যমে জটিল সার্জারির ক্ষেত্রে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ইউরোলজিক্যাল জটিল সার্জারি সেবা চালু করা হলেও পর্যায়ক্রমে অন্যান্য জটিল সার্জারিও অন্তর্ভুক্ত করা হবে।

পাশাপাশি প্রশিক্ষণ, গবেষণা, ফ্যাকাল্টি এক্সচেঞ্জ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসা শিক্ষায় পারস্পরিক সহযোগিতা বাড়বে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএটি

Please Share This Post in Your Social Media


Leave a Reply

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com