November 26, 2026, 5:05 am

পায়ে হেঁটে ৬৫০০ কিমি পথ পাড়ি দিয়ে হজ করলেন তিনি

পায়ে হেঁটে ৬৫০০ কিমি পথ পাড়ি দিয়ে হজ করলেন তিনি

প্রতি বছর পবিত্র হজ পালন করতে বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ মানুষ মক্কা নগরীতে পাড়ি জমান। আধুনিক যুগে অত্যাধুনিক যানবাহনে চড়ে তারা পৌঁছান পবিত্র নগরীতে। কিন্তু এরই মধ্যে ৬৫০০ কিমি পায়ে হেঁটে হজে গেলেন ব্রিটিশ নাগরিক অ্যাডাম মহম্মদ।

যুক্তরাজ্যের উলভারহ্যাম্পটন থেকে পায়ে হেঁটে তার হজ যাত্রা শুরু করেন তিনি। ৫২ বছর বয়সী অ্যাডাম মহম্মদ এরপর নেদারল্যান্ডস, জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, বুলগেরিয়া, তুরস্ক, লেবানন এবং জর্ডান হয়ে সৌদি আরবে পৌঁছান। ২০২১ সালের ১ আগস্ট তার হজ যাত্রা শুরু করেছিলেন তিনি। মাঝে ১০ মাস ২৫ দিন হেঁটে গত জুনে মক্কায় পৌঁছান। প্রতিদিন প্রায় ১৭.৮ কিমি পথ হেঁটেছেন অ্যাডাম।

জানা গেছে, নিজের সঙ্গে একটি ঠেলাগাড়ি নিয়েছিলেন অ্যাডাম মহম্মদ। এতেই নিজের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতেন। এছাড়াও তার সঙ্গে একটি স্পিকার ছিল। এতে ইসলামিক আবৃত্তি বাজাতেন তিনি। উদ্দেশ্য ছিল শান্তি এবং সাম্যের বাণী প্রচার করা।

কিন্তু আধুনিক এই যুগে কেন পায়ে হেঁটে হজের সিদ্ধান্ত নিলেন অ্যাডাম মহম্মদ? তার উত্তর, ‘এটা আমি খ্যাতি বা অর্থের জন্য করছি না। পৃথিবীর উদ্দেশে এই বার্তা দিতে চাই যে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান। আমাদের ইসলাম যা শিখিয়েছে সেই শান্তি ও একতার বার্তাও দিতে চেয়েছি।’

ইতোমধ্যে ‘গো-ফান্ড-মি’-তে একটি পেজও বানিয়েছেন অ্যাডাম। পাশাপাশি যাত্রাপথে তার ছবি, ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com