July 12, 2026, 1:42 pm

২৫ বিঘা জমিতে মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

২৫ বিঘা জমিতে মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙাকে ঘিরে উত্তাল হয়েছিল গোটা ভারত । ৩৩ বছর পর, একই দিনে বাবরি মসজিদ পুনরায় নির্মাণকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি হয়েছে চরম উত্তেজনা। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার (৬ ডিসেম্বর) মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন। এই কর্মসূচিতে অনড় ভরতপুরের বিধায়ক ও তৃণমূল থেকে সাময়িক বহিষ্কৃত নেতা হুমায়ুন কবীর।

অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোনও অশান্তি সৃষ্টি না হয়, সে জন্য রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে মোট ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার দুপুর থেকেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে টহলদারি।

জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং নবান্নের কন্ট্রোল রুম অনুষ্ঠানস্থলের পরিস্থিতি নজরে রাখছে।

হুমায়ুন কবির দাবি, আজ ২৫ বিঘা জমিতে প্রায় তিন লক্ষ মানুষের জনসমাগম হয়েছে। বহরমপুর থেকে রেজিনগর পর্যন্ত তীব্র যানজট। ইতিমধ্যেই ভিত্তি প্রস্তর স্থাপনের নির্ধারিত সভাস্থলে পৌঁছে গেছেন হুমায়ুন কবীর। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘মাত্র তিন কাঠা জায়গার ওপর এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করছি। ২৫ বিঘা জায়গার মধ্যে হাসপাতাল হবে, বিশ্ববিদ্যালয় হবে, পার্ক হবে। পূর্ণাঙ্গ রূপ দিতে যত কোটি টাকা লাগবে, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং দুই মেদিনীপুরের বহু মানুষ আর্থিক সহযোগিতা করবেন।’

১২ নম্বর জাতীয় সড়ক যাতে বন্ধ না হয়ে যায়, সে জন্য সকাল থেকেই কঠোর নজরদারিতে থাকবে পুলিশ। মুর্শিদাবাদের পাশাপাশি দক্ষিণবঙ্গের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।

অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে ৪০ হাজার অতিথি এসেছেন বলে জানা গেছে। সাতটি ক্যাটারিং সংস্থাকে দিয়ে তৈরি করা হচ্ছে শাহী বিরিয়ানি, স্থানীয় মানুষদের জন্যও রয়েছে প্যাকেট খাবার। শুধু খাবার সরবরাহেই খরচ হয়েছে প্রায় ৮০ লক্ষ টাকা।

সম্পূর্ণ অনুষ্ঠান ঘিরে খরচ হচ্ছে কয়েক কোটি টাকা—এ অর্থের উৎস নিয়ে উঠছে নানা প্রশ্ন।

মঞ্চ তৈরি করা হয়েছে ১৫০ ফুট লম্বা ও ৮০ ফুট চওড়া, যাতে ৪০০ অতিথি বসার ব্যবস্থা থাকবে। শুধু মঞ্চ নির্মাণেই ব্যয় হয়েছে ৩০ লক্ষ টাকা।

রেজিনগরসহ আশপাশে বক্তব্য প্রচারের জন্য লাগানো হয়েছে ৬০০০ মাইক ও ১০০ জেনারেটর। অনুষ্ঠান পরিচালনায় কাজ করছেন ২–৩ হাজার স্বেচ্ছাসেবক।

উত্তরবঙ্গের অতিথিরা শুক্রবার রাতে মুর্শিদাবাদে পৌঁছে গেছেন। সৌদি আরব থেকেও দুইজন অতিথি উপস্থিত থাকবেন। তারা কয়েকদিন ধরে ভারতে অবস্থান করছেন।

রাজ্য পুলিশের সূত্রে জানা গেছে, শনিবার অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে ৩০০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। হুমায়ুন কবিরের গতিবিধির ওপর নজর রাখতে CID-এর একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে।

এদিকে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণকাজ সম্পন্ন হলেও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রস্তাবিত নতুন মসজিদের কাজ এখনও শুরু হয়নি—এ নিয়ে দেশজুড়ে বাড়ছে অসন্তোষ।

২০১৯ সালের রায়ে সুপ্রিম কোর্ট বাবরি মসজিদের বদলে অযোধ্যা শহরের কাছেই পাঁচ একর জমিতে নতুন মসজিদ নির্মাণের নির্দেশ দেয়।

ট্রাস্ট জানিয়েছে, নতুন নকশা ১৪০০ বর্গমিটার আয়তনের মসজিদের জন্য তৈরি করা হয়েছে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে অযোধ্যা ডেভেলপমেন্ট অথোরিটির কাছে জমা দেওয়া হবে।

নতুন মসজিদের নাম রাখা হয়েছে ‘মোহাম্মদ বিন আবদুল্লাহ’, যা রাসুল (সা.)-এর নামে প্রস্তাবিত। মসজিদ নির্মাণ শেষে হাসপাতাল ও কমিউনিটি কিচেন তৈরির পরিকল্পনা রয়েছে।

সমাজবাদী পার্টি অভিযোগ করেছে— মসজিদ নির্মাণে সরকার বৈষম্য করছে এবং ট্রাস্টও সরকারি যন্ত্রের মতো ধীরগতিতে কাজ করছে।

এমএইচ

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com