September 30, 2026, 10:37 pm
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে আরও বড় হচ্ছে বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশের চুক্তি। জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সের জন্য অতিরিক্ত ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে বুধবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে সেদিন স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টা ১৫ মিনিটে) এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। চুক্তি স্বাক্ষরের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বোয়িংয়ের গ্লোবাল প্রেসিডেন্ট ড. ব্রেন্ডন নেলসন।
এর আগে গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের ওই চুক্তিতে ছিল আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭-৮ ম্যাক্স।
নতুন ১১টি উড়োজাহাজ যুক্ত হলে বোয়িংয়ের কাছ থেকে বিমানের মোট অর্ডার দাঁড়াবে ২৫টি। তবে নতুন চুক্তির আওতায় কোন মডেলের উড়োজাহাজ কেনা হবে, মোট মূল্য কত, অর্থায়নের কাঠামো কী হবে এবং কবে নাগাদ উড়োজাহাজগুলো বিমানের বহরে যুক্ত হবে-এসব বিষয়ে এখনো বিস্তারিত প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক প্রতিবেদনে ১১টি বোয়িংয়ের মডেল, মূল্য, অর্থায়ন ও সরবরাহের সময়সূচি অপ্রকাশিত থাকার কথা বলা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.