August 27, 2026, 1:25 pm

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি রোডম্যাপ তৈরিতে কাজ করার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে দেশ গঠন ও জাতির কল্যাণে সবাইকে একসঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর একটি হোটেলে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আসুন, ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেজন্য একটি রোডম্যাপ তৈরিতে একসঙ্গে কাজ করি। আসুন, আমরা একসঙ্গে এগিয়ে যাই এবং জাতি গঠনে মনোনিবেশ করি।’

সমাজের সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলা এবং তাদের দৈনন্দিন জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলতে আয়োজকদের ভূমিকার প্রশংসা করেন তিনি।

তিনি বলেন, ‘আপনাদের স্যালুট জানাই, আপনারা এসব মানুষকে নিজেদের পায়ে দাঁড়াতে এবং মর্যাদার সঙ্গে বেঁচে থাকতে সাহায্য করছেন।’ এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো, বিশেষ করে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে এ ধরনের উদ্যোগের পাশে দাঁড়ানোর আহ্বান জানান আইনমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘আমি আশা করি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো, বিশেষ করে সমাজকল্যাণ মন্ত্রণালয় আপনাদের পাশে দাঁড়াবে। এ বিষয়ে আমি ব্যক্তিগতভাবে সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে কথা বলব।’

ইনস্টিটিউট অব হজরত মুহাম্মদ (সা.) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম. নুরউদ্দিন খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ফয়েজ আহমেদ, ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর এসরাফিল আমিরি গোর্জাদ্দিনী, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক।

সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম. নুরউদ্দিন খান শান্তি, সহনশীলতা ও সমতার বিষয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা অনুধাবন এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাতে রাসূল (সা.), কম্পিউটার প্রশিক্ষণ ও প্রবন্ধ প্রতিযোগিতাসহ বিভিন্ন বিভাগে অংশ নেওয়া দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন বয়সের প্রতিযোগীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

ইএটি

Please Share This Post in Your Social Media


Leave a Reply

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com