October 24, 2026, 3:06 am
যুক্তরাষ্ট্রে ২৪০ কিলোমিটার বেগে আঘাত করেছে হারিকেন আইডা। কিউবায় তাণ্ডবের পর যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা উপকূলের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি চার মাত্রার এই শক্তিশালী হারিকেন। শক্তিশালী এই হারিকেনের প্রভাবে এরই মধ্যে নিউ অরলিন্স শহরটির বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়েছে। শহরটিতে শুধুই জেনারেটর চলছে। এই শহরে আঘাত হানার সময় বাতাসের বেগ ছিল ঘণ্টায় ১৫০ মাইল।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আইডা ‘প্রাণঘাতী’ হতে পারে, উপকূলে প্রচুর ধ্বংসযজ্ঞের আশঙ্কা রয়েছে। লুইজিয়ানা রাজ্যে সাড়ে সাত লাখের বেশি মানুষ এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন। এটা ঠিক করতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। এরই মধ্যে গাছ ভেঙ্গে পড়ে একজন মানুষের মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে আঘাত হানে হারিকেন হেনরি। এতে ঘূর্ণিঝড়ের প্রভাবে নিউইয়র্ক, নিউজার্সিসহ বিভিন্ন অঙ্গরাজ্যে দেখা দেয় ভারি বৃষ্টিপাত। সৃষ্টি হয় আকস্মিক বন্যার। ঘূর্ণিঝড়ের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণ হারান বেশ কয়েকজন। ২০০৫ সালে হারিকেন ক্যাটরিনার আঘাতে ১৮০০ মানুষ মারা যাওয়ার পর নিউ অরলিন্সে একটি বন্যা প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা হয়েছে। হারিকেন আইডার মাধ্যমে সেই ব্যবস্থার একটা পরীক্ষা হয়ে যাবে।
প্রতিবেদনে বলা হয়, শুধু লুইজিয়ানা নয়, মিসিসিপিসহ আলাবামা-ফ্লোরিডা অঙ্গরাজ্যের সীমান্ত পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যাওয়ার পূর্বাভাসে দিয়েছে আবহাওয়া অফিস। ঝড়ের পাশাপাশি এসব অঞ্চলে হতে পারে ভারী বৃষ্টিপাতও। মিসিসিপিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয় আগেই। ইতিমধ্যে লুইজিয়ানার প্রায় সাড়ে সাত লাখ বাড়ি অন্ধকারে রয়েছে।