October 22, 2026, 7:12 pm

বাসে ট্রাকের ধাক্কা, রাস্তায় ঘুমন্ত ১৮ শ্রমিক নিহত

বাসে ট্রাকের ধাক্কা, রাস্তায় ঘুমন্ত ১৮ শ্রমিক নিহত

ভারতের উত্তর প্রদেশে দাঁড়িয়ে থাকা একটি বাসে তীব্র গতিতে ছুটে আসা ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে রাস্তার ওপর ঘুমিয়ে থাকা ১৮ ভাসমান শ্রমিকের।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, শ্রমিকরা দাঁড়িয়ে থাকা বাসটির সামনে ঘুমিয়ে ছিলেন। পেছন থেকে ট্রাকের ধাক্কায় বাসটি তাদের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

স্থানীয় সময় বুধবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল প্রাদেশিক রাজধানী লক্ষ্ণৌ থেকে ২৮ কিলোমিটার দূরে রাজ্যের বারাবাঙ্কি জেলা।

নিহত সবার বাড়ি বিহারে। হরিয়ানা থেকে কাজ শেষে ফিরছিলেন তারা। রাতে তাদের বহনকারী বাসটি নষ্ট হয়ে যায়।

গরমের কারণে বাস থেকে নেমে সামনে রাস্তার ওপরই ঘুমিয়ে পড়েন তারা।

এ ঘটনায় আহত কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

বারাবাঙ্কির পুলিশ সুপার যমুনা প্রসাদ জানান, দোতলা বাসটি হরিয়ানা থেকে প্রায় ১০০ যাত্রী নিয়ে বিহারে যাচ্ছিল।

তিনি বলেন, ‘বাসের ভেতরও অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন। ট্রাকটি এত জোরে ধাক্কা দিয়েছে যে বাসের ভেতর ঘুমিয়ে থাকা যাত্রীদের অনেকে রাস্তায় ছিটকে পড়েন। অনেকের অবস্থাই আশঙ্কাজনক।’

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, রাস্তাজুড়ে মানুষের মরদেহের ছিন্নবিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

ক্রেন দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটিকে রাস্তার ওপর থেকে সরানো হয়েছে।

এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের খবর জানা যায়নি।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com