September 2, 2026, 10:56 pm

স্ত্রী কোনো সম্পত্তি নয়, জোর করে আটকে রাখা যাবে না: আদালত

স্ত্রী কোনো সম্পত্তি নয়, জোর করে আটকে রাখা যাবে না: আদালত

বৈবাহিক সম্পর্কের কারণে স্ত্রী কখনও স্বামীর সম্পত্তি হিসেবে বিবেচিত হবেন না, আর এ কারণে স্বামীর সঙ্গে থাকতে না চাইলে স্ত্রীকে জোর করে সংসারে আটকে রাখা যাবে না। বুধবার (৩ মার্চ) এই রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, স্বামীর সঙ্গে থাকতে চান না স্ত্রী। তবে স্ত্রীকে ছাড়তে চান না স্বামী, চান একসঙ্গে থাকতে। এই পরিস্থিতিতে বৈবাহিক দায়িত্ব পালনে স্ত্রীকে বাধ্য করতে আইনের দ্বারস্থ হয়েছিলেন স্বামী। আদালত সেই আবেদন খারিজ করে জানান, নারীরা স্বামীর সম্পত্তি নয় যে অনিচ্ছা সত্ত্বেও তাকে স্বামীর সঙ্গে থাকতে হবে।

এদিকে, স্ত্রীকে বৈবাহিক সম্পর্কে থাকতে বাধ্য করার আবেদন জানিয়ে মামলা করা স্বামীকেও সমালোচনা করতে ছাড়েননি আদালত। বিচারকের মতে, ‘(স্ত্রীকে জোর করে বৈবাহিক সম্পর্কে বাধ্য করার) এমন রায় যে আদালত দিতে পারে, এ কথা (ওই স্বামীর) মনে হল কী করে?’

ভারতীয গণমাধ্যমগুলো বলছে, ২০১৫ সালে হওয়া একটি মামলার প্রেক্ষিতে বুধবার এই রায় দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। তবে মামলাটি সুপ্রিম কোর্টে ওঠার আগে উত্তরপ্রদেশের একটি পারিবারিক আদালত এবং এলাহাবাদ হাইকোর্টেও মামলাটির রায় দেওয়া হয়।

স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে আলাদা থাকতে শুরু করেছিলেন স্ত্রী। তবে স্বামীর কাছ থেকে ভরণপোষণ চাওয়ায় পরই সমস্যার সৃষ্টি হয়। নিজের খরচের জন্য ওই নারী স্বামীর কাছে প্রতি মাসে ২০ হাজার টাকার ভরণপোষণ দাবি করেন। স্বামী সেটা দিতে না চাওয়ায় বাধ্য হয়ে আদালতে শুরু হয় তাদের আইনি লড়াই। ২০১৯ সালে উত্তরপ্রদেশের গোরক্ষপুর নামক একটি স্থানের সেই পারিবারিক আদালত স্বামীর পক্ষে রায় দেন। সেই রায়ের বিরুদ্ধে পাল্টা এলাহাবাদ হাইকোর্টে মামলা করেন স্ত্রী।

আদালতে ওই নারীর অভিযোগ, ‘যৌতুকের টাকা না দেওয়ায় তার ওপর নিয়মিতই শারীরিক নির্যাতন করতেন স্বামী। তাই তিনি আর স্বামীর সঙ্গে থাকতে চান না। তবে, যেহেতু তিনি নিজের আর্থিক সংস্থানে সক্ষম নন, তাই স্বামীর কাছ থেকে মাসিক খরচ পাওয়ার অধিকার আছে তার।’

আদালতে ওই নারী আরও দাবি করেন, ভরণপোষণের টাকা দেবেন না বলেই অজুহাত হিসেবে তাকে নিজের সঙ্গে থাকতে বলছেন স্বামী। এলাহাবাদ হাইকোর্ট মামলাটিতে স্ত্রী-র পক্ষে রায় দিলে সুপ্রিম কোর্টে যান স্বামী। বুধবার সুপ্রিম কোর্টও স্ত্রী-র পক্ষেই রায় দেন।

স্বামীকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়কিষাণ কউল এবং বিচারপতি হেমন্ত গুপ্তর বেঞ্চ বলেন, ‘নারীরা কী সম্পত্তি নাকি? একজন নারী কী স্বামীর সম্পত্তি যে তিনি যেতে না চাইলেও তাকে জিনিসপত্রের মতো স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া হবে?’ ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com