September 2, 2026, 6:21 pm

চীন ছাড়ছে জাপানের ৪৪ শতাংশ প্রতিষ্ঠান

চীন ছাড়ছে জাপানের ৪৪ শতাংশ প্রতিষ্ঠান

জাপানের প্রধান প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রায় অর্ধেকই চীননির্ভরতা কাটাতে উৎপাদনকেন্দ্র অন্য দেশে সরিয়ে নিতে আগ্রহী। ইতোমধ্যে সেই প্রক্রিয়া শুরুও করেছে অনেকে। সম্প্রতি টোকিওভিত্তিক বার্তা সংস্থা কিয়োদো নিউজের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

বৈশ্বিক পণ্য সরবরাহ ব্যবস্থা কতটা চীনকেন্দ্রিক, করোনাভাইরাস মহামারির মধ্যে সেটা পরিষ্কার বোঝা গেছে। তার ওপর প্রযুক্তি খাতে আধিপত্য বিস্তারে চীন-যুক্তরাষ্ট্রের লড়াই বাড়তি উদ্বেগ তৈরি করেছে। একারণে অনেক প্রতিষ্ঠানই এখন উৎপাদন বা যন্ত্রাংশ সরবরাহে চীনের ওপর নির্ভরশীলতা কমানোর চিন্তা করছে।

জরিপের জন্য জাপানের প্রায় ১৫০টি প্রধান ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছিল কিয়োদো কর্তৃপক্ষ। এর মধ্যে সাড়া দেয় ৯৬টি। এদের মধ্যে রয়েছে ক্যানন, টয়োটা, কেডিডিআই, কোবি স্টিল, মিৎসুবিশির মতো বৃহৎ শিল্পগোষ্ঠীগুলো।

জরিপের ফলাফলে দেখা গেছে, অংশগ্রহণকারীদের মধ্যে ৪৪ শতাংশ, অর্থাৎ ৪২টি প্রতিষ্ঠান তাদের সরবরাহ ব্যবস্থা চীন থেকে দক্ষিণ বা দক্ষিণপূর্ব এশিয়ায় সরিয়ে নিতে চায়।

অবশ্য জাপান সরকার প্রতিষ্ঠানগুলোকে নিজেদের দেশেই উৎপাদনকেন্দ্র ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছে। তবে সরকারের এ আহ্বানের বিষয়ে ইতিবাচক চিন্তা করছে মাত্র আটটি প্রতিষ্ঠান।

প্রায় ৬০ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, তারা অভ্যন্তরীণ প্রশিক্ষণ চালাচ্ছে বা নিজেদের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগুলো চিহ্নিত করেছে।

২৭ শতাংশ বা ২৬টি প্রতিষ্ঠান বলেছে, তারা প্রযুক্তিগত তথ্য ফাঁস হওয়া ঠেকাতে অংশীদারদের সঙ্গে যৌথ গবেষণা নিষিদ্ধ করেছে।

ছয়টি প্রতিষ্ঠান বলেছে, তারা এসব বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি। মাত্র একটি প্রতিষ্ঠান জানিয়েছে, তারা অন্যদের সঙ্গে যৌথ গবেষণা করছে।

জরিপের উল্লেখযোগ্য আরেকটি বিষয় হচ্ছে, অংশগ্রহণকারীদের মধ্যে ৫৯ শতাংশ, অর্থাৎ ৫৭টি প্রতিষ্ঠানই তাদের পণ্য উৎপাদনে কোনও ধরনের জোরপূর্বক শ্রম ব্যবহৃত হচ্ছে না- তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে।

সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের ওপর চীনা সরকারের চরম দমন-পীড়নের অভিযোগ ওঠায় সম্প্রতি এ বিষয়ে সোচ্চার হয়েছে আন্তর্জাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com