May 26, 2026, 7:11 am
যুক্তরাষ্ট্রের ৪৫ বছর বয়সী একজন নার্স ফাইজারের টিকা গ্রহণ করার এক সপ্তাহেরও বেশি সময় পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেছেন, এটা তেমন অনাকাঙ্ক্ষিত কিছু নয়। টিকা নেওয়ার পর প্রতিরোধ তৈরি হতে খানিকটা সময় লাগে।
স্থানীয় পৃথক দুটি হাসপাতালের নার্স ম্যাথু ডব্লিউ গত ১৮ ডিসেম্বর একটি ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, তিনি ফাইজারের টিকা পেয়েছেন। তিনি এবিসি নিউজকে তখন বলেন, টিকা নেওয়ার পর তার হাতে একদিন ব্যথা হয়েছে। এছাড়া তার আর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি।
এবিসির খবরে বলা হয়েছে, টিকা নেওয়ার ছয়দিন পর বড়দিনের আগের দিন সন্ধ্যায় ম্যাথু ডব্লিউ অসুস্থ হয়ে পড়েন। তিনি কোভিড-১৯ ইউনিটে শিফটিংয়ে কাজ করছিলেন। তার ঠান্ডা লেগে যায় এবং পরে পেশী ব্যথা এবং ক্লান্তি নিয়ে ইউনিট থেকে বেরিয়ে আসেন।
এরপর তিনি হাসপাতালের টেস্টিং সাইটে গিয়ে করোনা ভাইরাস পরীক্ষা করাতে নমুনা দেন। সেখান থেকে বড়দিনের পরের দিন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
সান দিয়াগোর ফ্যামিলি হেলথ সেন্টারের একজন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ক্রিস্টিয়ান র্যামার্স অবশ্য একে তেমন অনাকাঙ্ক্ষিত মনে করছেন না। তিনি এবিসি নিউজকে বলেন, আমরা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালগুলো থেকে জানি যে, শরীরে সুরক্ষার প্রক্রিয়া শুরু হতে ভ্যাকসিন প্রয়োগের পর থেকে ১০ থেকে ১৪ দিন সময় লাগে। আমরা মনে করি, প্রথম ডোজ আপনাকে ৫০ শতাংশ সুরক্ষা দেয়। দ্বিতীয় ডোজ নেওয়ার পর আপনার ৯৫ শতাংশ সুরক্ষা নিশ্চিত হয়।
র্যামার্স এও বলেন, আমরা মনে করি এই টিকার প্রথম ডোজ নেওয়ার পর তিনি প্রায় ৫০ শতাংশ সুরক্ষার আওতায় এসেছিলেন। শেষের বা দ্বিতীয় ডোজ নিলেই তিনি ধীরে ধীরে ৯৫ শতাংশ সুরক্ষা পেতেন।
তথ্যসূত্র: এবিসি নিউজ, রয়টার্স।