May 1, 2026, 11:36 pm

নিরাপত্তাহীনতায় আছে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা

নিরাপত্তাহীনতায় আছে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা

Young male thief stealing data from computer

যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফায়ারআই-কে হ্যাক করার পর আরও বড় কিছুর আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা৷ সে আশঙ্কা সত্যি হতে চলেছে৷ কোষাগার এবং বাণিজ্যসহ যুক্তরাষ্ট্রের অন্তত দুটি গুরুত্বপূর্ণ বিভাগের ওয়েবসাইটও এখন হ্যাকারদের নিয়ন্ত্রণে৷

এক ব্লগ পোস্টে ‘রেড টিম’ টুলস চুরি যাওয়ার খবর জানানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফায়ারআর্ম বলেছিল, তাদের অনুমান, রেড টিম চুরি করা বিশ্বমানের ক্ষমতাসম্পন্ন কোন রাষ্ট্রের পক্ষেই কেবল সম্ভব৷

ফায়ার আই হ্যাক করার ঘটনা তদন্ত করছে এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটির সাইবার সিকিউরিটি বিভাগ৷ কোষাগার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটও হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন উলিয়ট বলেন, সরকার এ সংক্রান্ত সব খবরে চোখ রাখছে৷ ঘটনার পেছনে যারা, তাদের চিহ্নিত করার সব চেষ্টা চালানো হচ্ছে৷

বিশেষজ্ঞরা বলছেন, ফায়ারআই হ্যাক করা হয়েছিল সোলারউইন্ডস নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে৷ বার্তাসংস্থা এপির কাছে সোলারউইন্ডস কর্তৃপক্ষ সে বিষয়ে কোনো মন্তব্য করেনি৷

সত্যি সত্যিই সোলারউইন্ডসের মাধ্যমে ফায়ারআই-কে হ্যাক করা হয়ে থাকলে যুক্তরাষ্ট্রের আরো অনেক বড় বড় প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ওপর নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারেন হ্যাকাররা৷ যুক্তরাষ্ট্রের অন্তত ৫০০টি কোম্পানি, সবচেয়ে বড় দশটি টেলিযোগাযোগ সংস্থা, সেনাবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় নিরাপত্তা সংস্থা, এমনকি প্রেসিডেন্টের কার্যালয়ও রয়েছে সোলারউইন্ডস-এর গ্রাহকের তালিকায়৷ সোলারউইন্ডসের মাধ্যমে হ্যাক করে থাকলে এসব প্রতিষ্ঠানও হ্যাক করতে পারবেন হ্যাকাররা৷

এদিকে ফায়ারআই-এর ওয়েবসাইটে হ্যাকারদের হামলার কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা রাশিয়া-সংশ্লিষ্ট ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের গোপন তথ্য জানতে মরিয়া বলে দাবি করেছিলেন৷ এখনো রাশিয়ার নামই সবার আগে উঠে আসছে সন্দেহের তালিকায়৷ যুক্তরাষ্ট্রে রাশিয়ার দূতাবাস অবশ্য রোববার এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে৷ এক ফেসবুক পোষ্টে দূতাবাস বলেছে, রাশিয়া এমন কোনো ঘটনার সঙ্গে একেবারেই জড়িত নয়, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম কোনো প্রমাণ ছাড়া অহেতুক রাশিয়ার ওপর দোষ চাপানোর চেষ্টা করছে৷ সূত্র: এপি, এএফপি, রয়টার্স

বিজনেস নিউজ / এস আর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com