May 25, 2026, 4:47 pm
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে তাদের নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন না।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে একই দিনে এনসিপির নির্বাচিত ছয়জন সংসদ সদস্য জাতীয় সংসদে শপথ নেন। পরে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন। শপথের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
তবে শপথের আগে সকালে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছিল, সংবিধান সংস্কার পরিষদে বিএনপি শপথ না নেওয়ায় তারাও শপথ না নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন। সে সময় চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। পরবর্তীতে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন তারা।
অন্যদিকে, সকাল ১০টার দিকে সংসদ ভবনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের উদ্দেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।
এই প্রেক্ষাপটে এনসিপি মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
ইএটি