May 22, 2026, 7:42 pm

ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

ঝিনাইদহ শহরে জুমার নামাজ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ এবং হকিস্টিক দিয়ে হামলা করা হয় বলে দাবি করেছেন তিনি। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

পরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে হামলার বিষয়টি জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে অবস্থিত পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা চালায়। প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, পরে হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, হামলায় তিনজনের মাথা ফেটে যায় এবং আরও কয়েকজন আহত হন। তাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়েছে বলে জানান তিনি। এছাড়া হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে বলেও দাবি করেন তিনি।

ঘটনার পর তারা থানায় অবস্থান করছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে পোস্টে উল্লেখ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা আবারও থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বলেন, “আমরা মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পরপরই এ ঘটনা ঘটে।

আমরা যদি মসজিদেও নিরাপদ না থাকি, তাহলে দেশ কোথায় নিরাপদ?”

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আইনমন্ত্রীর অনুসারী সন্ত্রাসী বাহিনী এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, তাদের পক্ষ থেকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখা হলেও হামলাকারীরা অস্ত্রশস্ত্র ও হকিস্টিক নিয়ে হামলা করে।

তিনি আরও বলেন, “আমাদের অনেকের কাছ থেকে ক্যামেরা, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে। আমাদের ওপর সশস্ত্র হামলা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”

তবে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল দাবি করেছেন, এ ঘটনায় ছাত্রদলের কোনো নেতাকর্মী জড়িত নয়।

এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইএটি

Please Share This Post in Your Social Media


Leave a Reply

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com