July 12, 2026, 1:07 am
শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাতজনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। শনিবার (২৯ জুলাউ) রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-দপ্তর সম্পাদক মুজিবুল বাশার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশের বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ কবি নজরুল সরকারি কলেজ শাখার রাফি উজ সাকলাইন (সাংগঠনিক সম্পাদক, কবি নজরুল সরকারি কলেজ শাখা), তন্ময় হোসেন, রুদ্র দেব নাথ, মিঠু হোসেন, ফয়সাল মাহমুদ, আশিকুর রহমান আশিক ও আশরাফ পাটোয়ারীকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যার দিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশে যাওয়ার পথে কবি নজরুল কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মাঝে নেতৃত্বকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরবর্তীতে কলেজ প্রাঙ্গণে যাওয়ার পর একই বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় সংঘর্ষে ছাত্র সংসদে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী ছবি ভাঙচুর করা হয়। এ ঘটনায় দুই গ্রুপের অন্তত ১৫ জন আহত হন।
উল্লেখ্য, শুক্রবার (২৮ জুলাই) আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে ফিরে সংঘর্ষে লিপ্ত হয় কবি নজরুল কলেজ ছাত্রলীগের দুই গ্রুপ। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষে কবি নজরুল কলেজ ছাত্র সংসদে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।