May 25, 2026, 4:35 pm
ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
রোববার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন-এর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন।
উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনো শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। পদত্যাগপত্র গৃহীত হলে পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে ড. নিয়াজ আহমদ খান দায়িত্ব ছাড়ার ইচ্ছার কথা প্রকাশ করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের আপৎকালীন পরিস্থিতি কেটে গেছে এবং সামগ্রিকভাবে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এমন প্রেক্ষাপটে দায়িত্বের এই পর্যায়ে এসে তিনি সরে দাঁড়াতে চান।
তিনি বলেন, দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে যেন কোনো শূন্যতা সৃষ্টি না হয় এবং প্রশাসনিক ধারাবাহিকতায় ব্যাঘাত না ঘটে, সেটি নিশ্চিত করা জরুরি। সরকার ও সংশ্লিষ্ট অংশীজনেরা যদি মনে করেন ধারাবাহিকতা রক্ষায় আরও কিছু সময় প্রয়োজন, সে ক্ষেত্রে তিনি তা বিবেচনায় নিতে প্রস্তুত আছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক সরকার যাতে নিজেদের পরিকল্পনা অনুযায়ী প্রশাসন পুনর্গঠন করতে পারে, সে সুযোগ করে দিতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি প্রয়োজনে সরকারের প্রতি সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
ড. নিয়াজ আহমদ খান দ্রুত ডেপুটেশন অবসান করে নিজ বিভাগে শিক্ষকতার মূল দায়িত্বে ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।
ইএটি