November 26, 2026, 4:03 am

রোগীকে সুস্থ করতে নাচছেন নার্স, ভিডিও ভাইরাল

রোগীকে সুস্থ করতে নাচছেন নার্স, ভিডিও ভাইরাল

চিকিৎসা সেবা মহান কাজ। আর এই কাজে চিকিৎসকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করেন নার্সরা। রোগীদের সুস্থ করে তোলায় তাদের অবদান কোনো অংশে কম নয়। যে ওষুধ চিকিৎসকরা প্রেসক্রাইব করে দেন, তা পরম যত্নে খাইয়ে দেন নার্সরা।

কাছাকাছি অবস্থান করে শরীরের পাশাপাশি, মনের ক্ষতকেও সারিয়ে তোলেন তারা। রোগীকে রোগের সঙ্গে লড়াইয়ের সাহস জোগান। এর জন্য নানা উপায় অবলম্বন করেন। রোগীকে সুস্থ করতে এমনই এক অভিনব উপায় অবলম্বন করতে দেখা গেল এক নার্সকে।

প্যারালাইসিস বা পক্ষাঘাতে আক্রান্ত এক রোগীকে ফিজিওথেরাপি করানোর কথা ছিল নার্সের। আর নিজের নাচকে হাতিয়ার করেই এই কাজটি সম্পন্ন করেন ওই নার্স। আর সেই ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে। ভাইরাল ওই ভিডিওটি প্রথম স্যোশাল মিডিয়ায় শেয়ার করেন নন্দিনী ভেঙ্কট নামে এক ব্যক্তি।

ভিডিওতে দেখা যাচ্ছে, রোগীর সামনে প্রথমে নিজে নাচতে শুরু করেন একজন নার্স। তা দেখে উৎসাহিত হয়ে এক হাত তুলে নাচার চেষ্টা করেন ওই রোগী। নার্স যখন লক্ষ্য করেন রোগী নাচে মগ্ন হয়ে গেছেন, তখন তার অন্য হাতটি ধরে নাচার অনুরোধ জানান। সে কথা সহজেই মেনে নেন রোগী। আর তাতেই মেলে ফল।

দীপাংশু কাবরা নামে ভারতীয় পুলিশের একজন কর্মকর্তাও ভিডিওটি শেয়ার করেছেন। সেখানে দেওয়া ক্যাপশনে এই আইপিএস অফিসার লিখেছেন, ‘বুদ্ধির জোরে পক্ষাঘাতগ্রস্ত রোগীকে দিয়ে ফিজিওথেরাপি করিয়ে নিলেন নার্স। রোগী যখন সুস্থ হয়ে যান, চিকিৎসককে ধন্যবাদ জানান। কিন্তু নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীরা যেভাবে ভালোবেসে রোগীকে সারিয়ে তোলেন, তার জন্য ধন্যবাদ শব্দটি খুবই ছোট…’

অবশ্য ভাইরাল হওয়া নার্সের এই ভিডিওটি ভারতের কোন হাসপাতালের, সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় সেটি বেশ ভালোভাবেই ছড়িয়ে পড়েছে। অনেকেই নার্সকে প্রশংসার জোয়ারে ভাসাচ্ছেন। তার বুদ্ধির প্রশংসা করেছেন।

কেউ কেউ আবার নতুন এই পদ্ধতিকে ‘ভারতীয় ফিজিওথেরাপি’ বলে আখ্যা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com