November 26, 2026, 2:43 am

প্রিয়াঙ্কা গান্ধী আটক

প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। উত্তরপ্রদেশের লখিমপুর খিরিতে ৪ কৃষককে হত্যার প্রতিবাদে লখিমপুরের উদ্দেশে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা গান্ধীসহ নেতারা। তবে খিরিতে যাওয়ার আগেই কংগ্রেস নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ অক্টোবর) ভারতের গণমাধ‌্যমে এ তথ‌্য জানানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ গৃহবন্দি করে রেখেছিল উত্তরপ্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদককে। সেই আদেশ অমান্য করে রোববার রাতে লখনউ থেকে লখিমপুর খিরির উদ্দেশে রওনা হন প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা।

কংগ্রেসের দাবি, যাত্রাপথে হরগাঁও থেকে আটক করা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। পুলিশ প্রিয়াঙ্কার গাড়ি আটকানোর পর পায়ে হেঁটেই লখিমপুরের দিকে রওনা হন প্রিয়াঙ্কা। দফায় দফায় লখিমপুর যাওয়ার পথে বাধা দেওয়া হয়। আটকে দেওয়া হয় কনভয়। প্রায় পাঁচ ঘণ্টা পুলিশের সঙ্গে তর্কবিতর্কের পর সোমবার (৪ অক্টোবর) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় তাকে হরগাঁও থানা এলাকায় আটক করে পুলিশ। পরে প্রিয়াঙ্কাকে সীতাপুর জেলার একটি গেস্ট হাউসে নেওয়া হয়েছে। ইউপি কংগ্রেস টুইট করে এ ঘটনার কথা জানিয়েছে।

লখিমপুর খিরি যাওয়ার পথে প্রিয়াঙ্কা গান্ধী রোববারের ঘটনার কথা বর্ণনা করে বলেন, এ দেশে কৃষকদের যেভাবে পদদলিত করা হচ্ছে, তাতে আমার কোনো নিন্দার ভাষা নেই। কয়েক মাস ধরে কৃষকরা তাদের আওয়াজ তোলার চেষ্টা করছে, কিন্তু সরকার শুনতে প্রস্তুত নয়। আজকের ঘটনা দেখাল যে এ সরকার কৃষকদের পিষে ফেলার রাজনীতি করছে। তবে এ দেশ কৃষকদের দেশ।

তাকে গৃহবন্দি করে রাখার ইউপি পুলিশের আদেশের প্রতিক্রিয়ায় প্রিয়াঙ্কা গান্ধী বলেন, আমি বাড়ি থেকে বের হয়ে কোনো অপরাধ করছি না। শুধু ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে চাই এবং তাদের দুঃখ ভাগ করতে চাই। আমি কি ভুল করছি? যদি কিছু ভুল করে থাকি, তাহলে আপনার (ইউপি পুলিশ) গ্রেফতারি পরোয়ানা থাকা উচিত। ইউপি পুলিশ আমাকে আটকে দিয়েছে, কিন্তু কোন কারণে?

গতকাল ৩ অক্টোবর ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র ও রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী কেশব মৌর্যর সফরের প্রতিবাদে সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছিলেন এলাকার কৃষকরা। অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের একটি গাড়ি দুই কৃষককে পিষে দেয়। সেই গাড়িতে ছিল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে। ওই খবর ছড়িয়ে পড়তেই হিংসা ছড়িয়ে পড়ে এলাকায়। লখিমপুর খিরির অতিরিক্ত পুলিশ সুপার অরুণ কুমার সিং জানিয়েছেন, ওই সংঘর্ষে চার কৃষকসহ মোট আট জনের মৃত্যু হয়েছে। এদিকে অজয় মিশ্রের দাবি, তার ছেলে কনভয়ে ছিল না। থাকলে তাকেও পিটিয়ে মেরে ফেলত কৃষকরা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com