October 22, 2026, 5:15 pm

আল-আকসায় নামাজরত মুসল্লিদের তাড়িয়ে ইহুদিদের ঢোকাল ইসরায়েল

আল-আকসায় নামাজরত মুসল্লিদের তাড়িয়ে ইহুদিদের ঢোকাল ইসরায়েল

টানা ১১ দিনের প্রাণঘাতী লড়াই শেষে গত বৃহস্পতিবার রাত থেকে যুদ্ধবিরতি পালন করছে ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। তবে এই বিরতি কতক্ষণ টিকবে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কারণ নানাভাবে উস্কানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে ইসরায়েল।

রোববার (২৩ মে) মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসা থেকে নামাজরত মুসল্লিদের পিটিয়ে বের করে সেখানে একদল ইহুদিকে ঢুকিয়েছে ইসরায়েলি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রোববার ফজরের নামাজ পড়ার সময় পবিত্র হারাম-আল শরিফে মুসল্লিদের ওপর আচমকা হামলা চালায় ইসরায়েলি পুলিশ। এসময় তাদের প্রচণ্ড মারধর করে বের করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই ইসরায়েলের একদল ইহুদি দখলদার সেখানে প্রবেশ করে।

ওয়াফা জানিয়েছে, ঘটনাস্থল থেকে অন্তত ছয় ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। এদের মধ্যে ফাদি আলিয়ান নামে আল-আকসার এক নিরাপত্তারক্ষীও রয়েছেন। তিনি মুসল্লিদের ওপর হামলার ঘটনা ভিডিও করা চেষ্টা করেছিলেন বলে জানা গেছে।

এছাড়া আল-আকসার প্রবেশপথে কড়াকড়িও বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে ৪৫ বছরের কম বয়সী মুসল্লিদের প্রবেশ নিষিদ্ধ করেছে দখলদাররা।

এর আগে, গত রমজান মাসের শেষের দিকে আল-আকসা প্রাঙ্গণে তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। এর সঙ্গে পূর্ব জেরুজালেম থেকে উচ্ছেদের হুমকি ফিলিস্তিনিদের ভেতর ক্ষোভের আগুন জ্বেলে দেয়। বিভিন্ন শহরে শুরু হয় প্রতিবাদ-বিক্ষোভ। কিন্তু এর কারণে ফিলিস্তিনিদের ওপর উল্টো হামলা-সহিংসতা বাড়িয়ে দেয় দখলদার ইসরায়েল।

সূত্র: আল-জাজিরা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com