September 3, 2026, 4:09 am

করপোরেট কর বাড়িয়ে অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা বাইডেনের

করপোরেট কর বাড়িয়ে অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা বাইডেনের

যুক্তরাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়নের জন্য দুই লাখ ৩০ হাজার কোটি (২ দশমিক ৩ ট্রিলিয়ন) মার্কিন ডলারের পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী আট বছরে বিপুল পরিমাণ এই অর্থ খরচ করে দেশের অবকাঠামোয় ব্যাপক উন্নয়ন করতে চাইছেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের আড়াই মাসের মাথায় স্থানীয় সময় বুধবার (৩১ মার্চ) এই পরিকল্পনা ঘোষণা করে ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট।

এই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, অবকাঠামো উন্নয়নের জন্য নির্ধারিত বিপুল পরিমাণ এই অর্থ বাইডেন জোগাড় করবেন ধনীদের ওপর করের হার বাড়িয়ে। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, সাধারণ মানুষের ওপর কোনো বাড়তি কর চাপানো হবে না। যাদের আয় চার লাখ ডলার বা তার বেশি, তাদের করের হার ২১ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করা হবে।

এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে- প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প ধনীদের ওপর কর কমিয়ে দিয়েছিলেন। আর বাইডেন সেটা আবারও বাড়িয়ে অর্জিত অর্থ অবকাঠামোর উন্নয়নে খরচ করতে চান।

বাইডেনের বক্তব্য, তার এই পরিকল্পনা হল ‘ওয়ানস ইন আ জেনারেশন প্ল্যান’, যার মানে এক প্রজন্মে একবারই এই ধরনের পরিকল্পনা নেওয়া হয় বা নেওয়া যায়। তিনি বলেছেন, চীন বর্তমানে অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে। তার মোকাবিলায় মার্কিন অর্থনীতিরও বিস্তৃতি বাড়বে। প্রচুর কর্মসংস্থান হবে। অবকাঠামোর উন্নতি হবে।

বাইডেনের পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ২০ হাজার মাইল রাস্তার উন্নয়ন করা হবে এবং হাজার হাজার ব্রিজ সারানো হবে। সরকারি পরিবহন ব্যবস্থার উন্নতিতে দ্বিগুণ খরচ করা হবে এবং প্রচুর ইলেকট্রিক চার্জিং পয়েন্ট তৈরি করা হবে। পানির পাইপ পরিবর্তন করা হবে এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করা হবে। এছাড়া পাওয়ার গ্রিড আপগ্রেড করা হবে যেন ক্লিন এনার্জি দেওয়া সম্ভব হয়। হাসপাতাল, স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মেরামত ও উন্নয়ন করা হবে। এর জন্য প্রয়োজনীয় অর্থ পেতে করপোরেট কর ২১ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করা হবে। আর কর ব্যবস্থার অভ্যন্তরীণ ত্রুটিগুলোও বন্ধ করা হবে।

এদিকে মার্কিন চেম্বার অফ কমার্স প্রেসিডেন্ট বাইডেনের এই পরিকল্পনার বিষয়ে বলেছে, করপোরেট কর বাড়ানো একেবারেই ঠিক নয়। এটা ভয়ঙ্করভাবে বিপথগামী সিদ্ধান্ত। কিন্তু বাইডেনের যুক্তি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ২০১৭ সাল পর্যন্ত ধনীদেরকে যে পরিমাণ কর দিতে হতো, সেটার তুলনায় তিনি কম কর আরোপ করছেন।

বাইডেনের কথায়, ‘আমি বলে নিতে চাই, যাদের আয় চার লাখ ডলারের কম, তাদের জন্য ফেডারেল কর বাড়বে না। আমি করপোরেট বা ধনীদের বিরুদ্ধে নই। কিন্তু অ্যামাজনসহ প্রচুর করপোরেট সংস্থা কোনো আয়কর দেয় না।’

ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট বলেছেন, ‘একজন দমকলকর্মী, একজন শিক্ষক ২২ শতাংশ কর দেন। কিন্তু অ্যামাজনসহ ৯০টি সংস্থা এক পয়সাও ফেডারেল কর দেয় না। আমি এটা বন্ধ করতে চাই।’

ডেমোক্র্যাটরা জানিয়েছেন, তারা চান রিপাবলিকানরা বাইডেনের এই পরিকল্পনাকে সমর্থন করুক। তবে রিপাবলিকানদের সমর্থন না পেলেও তারা যেভাবে কোভিডের জন্য এক দশমিক নয় ট্রিলিয়ান ডলারের পরিকল্পনা মার্কিন কংগ্রেসে একতরফা অনুমোদন করেছেন, এটাও সেইভাবেই করবেন।

প্রেসিডেন্ট বাইডেন এগিয়ে চলেছেন, বড় বড় পদক্ষেপ নিয়েই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছেন তিনি।

সূত্র: বিবিসি, ডয়চে ভেলে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com