September 4, 2026, 2:59 am

অস্ত্র বিক্রিতে শীর্ষে যুক্তরাষ্ট্র, বেশি কিনছে সৌদি

অস্ত্র বিক্রিতে শীর্ষে যুক্তরাষ্ট্র, বেশি কিনছে সৌদি

বিশ্বে যত অস্ত্র বিক্রি হয়, তার এক-তৃতীয়াংশ যুক্তরাষ্ট্রের। আর যুক্তরাষ্ট্র যে অস্ত্র বিক্রি করে, তার অর্ধেক কেনে মধ্যপ্রাচ্য। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপরি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যাচ্ছে।

সিপরির ওই প্রতিবেদনে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্র ২০০১ থেকে ২০১৫ সালের মধ্যে যা অস্ত্র বিক্রি করত, এখন তার তুলনায় ১৫ শতাংশ বেশি অস্ত্র বিক্রি করে। ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বে মোট যত অস্ত্র বিক্রি হয়েছে, তার ৩৭ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র। মোট ৯৬টি দেশের কাছে অস্ত্র বিক্রি করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্রের অর্ধেক অস্ত্রই যায় অঞ্চলটিতে। আর মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র কেনে সৌদি আরব। বস্তুত, তারাই বিশ্বের সবচেয়ে বড় অস্ত্রের ক্রেতা।

২০১৬ থেকে ২০২০ পর্যন্ত সময়ে বিশ্বে অস্ত্র বিক্রির পরিমাণ বাড়েনি। তার আগের এক দশক ধরে অবশ্য অস্ত্র বিক্রি সমানে বেড়েছে। এটা হওয়ার মূল কারণ চীন ও রাশিয়া থেকে অস্ত্র কেনার পরিমাণ কমেছে।

রাশিয়ার অস্ত্র বিক্রির পরিমাণ কম হওয়ার কারণ, ভারত রাশিয়া থেকে অনেক কম অস্ত্র কিনছে এখন। ফলে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানি থেকে অস্ত্র বিক্রির পরিমাণ বাড়লেও সামগ্রিকভাবে অস্ত্র বিক্রির পরিমাণ বাড়েনি।

সিপরির ‘ট্রেন্ডস ইন ইন্টারন্যাশনাল আর্মস ট্রান্সফার্স, ২০২০’ শীর্ষক প্রতিবেদনে অনুযায়ী বিশ্বে অস্ত্র বিক্রির ক্ষেত্রে বরাবরের মতো এক নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় স্থানে রাশিয়া। আর তিনে রয়েছে ফ্রান্স।

সৌদি আরব শীর্ষে

২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে মধ্যপ্রাচ্যে অস্ত্র কেনার পরিমাণ তার আগের দশ বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে। আর সৌদি আরব এখন বিশ্বের সব চেয়ে বড় অস্ত্র ক্রেতা। তাদের অস্ত্র কেনার পরিমাণ ৬১ শতাংশ বেড়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারের অস্ত্র কেনার পরিমাণও বহুগুণ বেড়েছে।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৫০টি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে। তারা ১৮টি সশস্ত্র ড্রোনও কিনছে। দুই হাজার ৩০০ কোটি ডলার দিয়ে এই অস্ত্র কিনছে দেশটি।

এছাড়া এশিয়া মহাদেশ ও ওশেয়ানিয়া অঞ্চলের দেশগুলোও বেশি অস্ত্র কেনে। ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে অস্ত্রের ৪২ শতাংশ কেনা হয়েছে এখান থেকে। কিনেছে ভারত, চীন, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও পাকিস্তান।

সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক জ্যেষ্ঠ গবেষক বলেছেন, এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের অনেক দেশই চীনকে তাদের বিপদের কারণ বলে মনে করে। তাই অস্ত্র কিনছে তারা।

করোনার প্রতিক্রিয়া

সিপরি জানিয়েছে, করোনায় অস্ত্র কেনাবেচা কমেছে কি না, তা বলার সময় এখনো আসেনি। করোনা প্রতিটি দেশের অর্থনীতিকে ধাক্কা দিয়েছে। তাই অনেক দেশই হয়ত অস্ত্র কেনার বিষয়টি খতিয়ে দেখছে। তবে করোনার প্রকোপ যখন সবচেয়ে বেশি ছিল, তখনো কিছু দেশ বিপুল পরিমাণ অস্ত্র কেনার জন্য চুক্তি করেছে।

সূত্র: সিপরি ও ডিডব্লিউ

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com