July 21, 2026, 3:34 pm
সামাজিক যোগাযোগমাধ্যমে এইচএসসি পরীক্ষা-সংক্রান্ত যে বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে, সেটি সম্পূর্ণ ভুয়া, অসত্য ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। একই সঙ্গে পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি ও শিক্ষা বোর্ডের অফিসিয়াল সূত্র থেকে প্রকাশিত তথ্য অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি’র নামে একটি বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে, যেখানে দাবি করা হয়েছে যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা আগামী ২৭ জুলাই ২০২৬ থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
তবে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি স্পষ্ট জানিয়েছে, ওই বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভুয়া, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর। এ ধরনের কোনো বিজ্ঞপ্তির সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কিংবা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কোনো সম্পৃক্ততা নেই।
কমিটি আরও জানায়, এইচএসসি পরীক্ষাসহ সব ধরনের পরীক্ষা-সংক্রান্ত সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
জনস্বার্থে পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
Leave a Reply
You must be logged in to post a comment.