October 22, 2026, 6:40 pm

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপির এমপিরা

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপির এমপিরা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানসহ নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে উপস্থিত হয়েছেন। তবে শপথ অনুষ্ঠানের আগে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা এখনই শপথ নিচ্ছেন না; এ বিষয়ে সাংবিধানিক ভিত্তি এখনও প্রতিষ্ঠিত হয়নি।


মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সচিবালয়ে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। সংবিধানে এখনও এটাকে ধারণ করা হয়নি।”

তিনি ব্যাখ্যা করেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলেও তা কার্যকর করতে হলে আগে সংবিধানে প্রয়োজনীয় বিধান অন্তর্ভুক্ত করতে হবে। পরিষদের সদস্য কারা হবেন, কে তাদের শপথ পড়াবেন—এসব বিষয়ে স্পষ্ট সাংবিধানিক বিধান প্রণয়ন করতে হবে। বর্তমানে যে শপথের ফরম রয়েছে তা সাধারণ শপথের জন্য; সংবিধান সংস্কার পরিষদের জন্য আলাদা কোনো ফরম এখনো সংবিধানের তৃতীয় তফসিলে যুক্ত হয়নি।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, শপথের নির্দিষ্ট ফরম সংবিধানের তৃতীয় তফসিলে অন্তর্ভুক্ত থাকে। সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি সেখানে যুক্ত হয়ে জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলেই কেবল সদস্যদের শপথ গ্রহণের আইনি ভিত্তি তৈরি হবে। ততদিন পর্যন্ত বিএনপি সাংবিধানিক প্রক্রিয়াই অনুসরণ করবে।

তিনি স্পষ্ট করে জানান, বিএনপি সবসময় সংবিধান মেনে চলেছে এবং ভবিষ্যতেও চলবে। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও বিএনপির এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন, তবে টেকনিক্যাল ও সাংবিধানিক অসংগতির কারণে তারা আপাতত সংবিধান সংস্কার পরিষদের অংশ হতে রাজি নন। দলটির মতে, যথাযথ আইনি কাঠামো তৈরি না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়ায় অংশ নেওয়া সংবিধানসম্মত হবে না।

ইএটি

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com