May 25, 2026, 5:20 pm

নিপাহ ভাইরাসে দেশে চলতি বছরে প্রথম মৃত্যু

নিপাহ ভাইরাসে দেশে চলতি বছরে প্রথম মৃত্যু

বাংলাদেশে চলতি বছরে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে একজন নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিষয়টি নিশ্চিত করেছে। মৃত নারী রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বাসিন্দা ছিলেন।

ডব্লিউএইচও জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ বছরের মধ্যে। গত ২১ জানুয়ারি তার শরীরে জ্বর ও মাথাব্যথাসহ নিপাহ ভাইরাসের উপসর্গ দেখা দেয়। এক সপ্তাহের মধ্যেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তী পরীক্ষায় নিশ্চিত হয়, তিনি নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিলেন।

সূত্র জানায়, ওই নারী সাম্প্রতিক সময়ে কোথাও ভ্রমণ করেননি। তবে তিনি কাঁচা খেজুরের রস পান করেছিলেন। সাধারণত বাদুড়ের মাধ্যমে নিপাহ ভাইরাস ছড়ায় এবং কাঁচা খেজুরের রস এই ভাইরাস সংক্রমণের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে পরিচিত।

মৃত নারীর সংস্পর্শে আসা মোট ৩৫ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাদের সবার পরীক্ষার ফলাফল নিপাহ ভাইরাসে নেগেটিভ এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে, নিপাহ ভাইরাস একজন থেকে অন্যজনের মধ্যে সহজে ছড়ায় না। ফলে এ ঘটনায় আন্তর্জাতিকভাবে বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই।

উল্লেখ্য, ২০২৫ সালেও বাংলাদেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছিল। এখন পর্যন্ত এই ভাইরাসের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট ওষুধ বা টিকা আবিষ্কৃত হয়নি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com