April 22, 2026, 10:18 am

সুন্দরবনে কুখ্যাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড অস্ত্রসহ আটক

সুন্দরবনে কুখ্যাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড অস্ত্রসহ আটক

সুন্দরবনের কুখ্যাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড মো. আব্দুস সামাদ মোল্লা (৩৫)কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বিশেষ অভিযানের অংশ হিসেবে বাগেরহাটের রামপাল এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সব বনদস্যুর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে কোস্টগার্ড।

এ লক্ষ্যে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় তৃতীয়বারের মতো পরিচালিত অভিযানে ছোট সুমন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড আব্দুস সামাদ মোল্লাকে আটক করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি সুন্দরবন থেকে বাগেরহাটের রামপাল থানার শুকদারা বাজার সংলগ্ন এলাকায় পরিবারের সঙ্গে দেখা করতে আসবেন।

এ তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে কোস্টগার্ড বেইস মোংলার একটি দল সেখানে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার রাত ২টার দিকে মোংলা থানার সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালানো হয়।

অভিযানে একটি একনলা বন্দুক, একটি এয়ার গান এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটক আব্দুস সামাদ মোল্লা বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে ডাকাতি কার্যক্রমে জড়িত ছিলেন বলে জানিয়েছে কোস্টগার্ড।

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত অস্ত্র-গোলাবারুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইএটি

Please Share This Post in Your Social Media


Leave a Reply

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com