May 25, 2026, 5:20 pm
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, “একটি পক্ষ মা-বোনদের হিজাব খুলে লাঞ্ছিত করছে, ভারতের দালালি করার চেষ্টা করছে। আমরা ইনসাফের পক্ষে রয়েছি এবং এখন বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) যশোর শহরের ভৈরব চত্বরে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে। তিনি ধানের শীষের অনেক নেতাকর্মীর প্রতি দাওয়াত জানিয়ে বলেন, “তারা মিছিল করবে ঠিকই, কিন্তু ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটকে।”
তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, “মানুষের দরজায় গিয়ে ভোটের গুরুত্ব বোঝাতে হবে। ভোট প্রার্থীর হাতে নয়, জনগণের হাতে রয়েছে। চাঁদাবাজ ও সন্ত্রাসীরাও তাদের সন্তানের জন্য ভালো ভবিষ্যৎ চাই—তাদের দাওয়াত দিন।”
পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও সমালোচনা করে তিনি বলেন, “আপনারা অবৈধ টাকার স্পর্শ থেকে দূরে থাকুন। জনগণের আস্থা ধরে রাখুন। আমরা আপনাদের পাশে থাকব।”
হাসনাত বলেন, এই নির্বাচন “আধিপত্যবাদ মুক্তি, রাষ্ট্রগঠন এবং ফ্যাসিবাদ কবরস্থ করার নির্বাচন।” ভোটের দিন সকাল ৭:৩০ থেকে সবাইকে কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানান।
পথসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের। তিনি বলেন, “হাসনাত শুধু একজন ব্যক্তি নয়, অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী প্রতীক। যশোরবাসী চাঁদাবাজ ও নারী নির্যাতনকারীদের আর দেখতে চায় না। নির্বাচনে জনগণের শক্তিতেই জয় নিশ্চিত হবে।”
সভায় এনসিপির কেন্দ্রীয় নেতা সাকিব শাহরিয়ার এবং জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী নুরুজ্জামানও বক্তব্য রাখেন। সভা শেষে ভৈরব চত্বর থেকে নির্বাচনী মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নিরাপত্তার কারণে প্রশাসন সভাস্থল ও আশপাশে পোশাকধারী ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করে।