October 22, 2026, 7:28 pm
বিএনপি মনে করছে, জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের পলিসি ডিবেট আহ্বান মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার কৌশল।
নির্বাচনের শেষ মুহূর্তে এমন আহ্বান রাজনৈতিক প্রস্তুতির অংশ না হয়ে কেবল আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার চেষ্টা, বলেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন।
মাহাদী আমিন সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক মন্তব্যে জানান, নির্বাচনের প্রচারণা শেষ হওয়ার মাত্র দুই-তিন দিন আগে ফেসবুকে পোস্ট করা এবং নির্দিষ্ট ব্যক্তিকে ট্যাগ করা মূলত ‘চটকদার’ কৌশল হিসেবে দেখা যেতে পারে। তিনি উল্লেখ করেন, বিষয়টি প্রাথমিকভাবে নজর কাড়লেও বাস্তব রাজনৈতিক প্রস্তুতির সঙ্গে সরাসরি সম্পর্ক কম।
পলিসি ডিবেটে বিএনপি অংশগ্রহণ করবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীকাল ও পরশুর নির্বাচনি কর্মসূচি অত্যন্ত প্যাকড। এই সময়সূচির মধ্যে কতটুকু সময় বের করা সম্ভব, সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। একই সঙ্গে তিনি বলেন, দীর্ঘ প্রচারণার শেষ মুহূর্তে এমন আহ্বানের নেপথ্য উদ্দেশ্য নিয়েও প্রশ্ন থেকে যায়।
মাহাদী আমিন বিএনপির পলিসি অবস্থান ব্যাখ্যা করে বলেন, দল কখনো হুট করে নীতি ঘোষণা করে না। ২০১৩ সালের জুলাই মাসে তারেক রহমানের বক্তব্যের প্রতিফলনই বিএনপির নির্বাচনী ইশতেহারে রয়েছে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পরও তারেক রহমান সমাজের সব শ্রেণির মানুষের কথা ধারাবাহিকভাবে তুলে এনেছেন।
বিএনপির মুখপাত্র বলেন, জামায়াতের আমির গত দেড় বছরে বা তার আগের ১৬–১৭ বছরে কোনো সুস্পষ্ট পলিসি প্রকাশ করেননি। অন্যদিকে বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ‘ভিশন ২০৩০’, পরে তারেক রহমানের ঘোষিত ২৭ দফা এবং ২০২৩ সালে যুগপৎ আন্দোলনের অংশীদারদের সঙ্গে ৩১ দফা উপস্থাপন করেছে।
জামায়াত আমিরের বক্তব্যে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন মাহাদী আমিন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা নারী বিষয়ক বক্তব্য আল জাজিরার দেওয়া বক্তব্যের ধারাবাহিকতা, যা বোঝায় যে তিনি চাপের মধ্যে রয়েছেন।
নির্বাচন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, লক্ষ্মীপুরে অবৈধ ভোটের সিল উদ্ধার এবং গ্রেফতার ব্যক্তির স্বীকারোক্তি নির্বাচনকে প্রভাবিত করার ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। জাল ভোট রোধে নির্বাচন কমিশনের সক্রিয় ভূমিকার দাবি জানান তিনি। এছাড়া ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে জাল ভোট দেওয়ার আশঙ্কার কথাও উল্লেখ করেন।
মাহাদী আমিন বলেন, আইন অনুযায়ী ভোটার শনাক্তকরণের সময় মুখমণ্ডল উন্মুক্ত রাখার বিধান কঠোরভাবে কার্যকর করা জরুরি। তিনি আরও জানান, বিএনপি অতিরিক্ত ব্যালট ছাপানোর তথ্যও পেয়েছে।