July 12, 2026, 1:17 am
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যদি জনগণ চায় এবং স্বাগত জানায়, তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে যুক্ত হতে পারবেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তাসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাঁদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে।”
জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় এসেছে। তার সন্তানরাও বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং তাদের বিরুদ্ধে থাকা মামলার বিচার চলছে।
নির্বাচনের পর জামায়াতে ইসলামের সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করে তিনি বলেন, “আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আমি সরকার গঠন করি, তাহলে বিরোধী দল কে হবে?”
বিএনপির সহযোগীরা জানিয়েছেন, তারা নির্বাচনে ৩০০ আসনের দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভে আশাবাদী। দল ২৯২টি আসনে প্রার্থী রেখেছে, বাকি আসনগুলোতে জোট শরিকরা লড়ছে। তারেক রহমান সংখ্যা উল্লেখ না করে বলেছেন, “আমরা আত্মবিশ্বাসী, সরকার গঠনের জন্য পর্যাপ্তসংখ্যক আসন আমাদের থাকবে।”
চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশের প্রায় সাড়ে ১৭ কোটি মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার সক্ষমতা রয়েছে, এমন অংশীদারদের প্রয়োজন। আমরা তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, দেশে ব্যবসা-বাণিজ্য আনতে চাই, যাতে মানুষ ভালো জীবনযাপন করতে পারে। তাই দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যে-ই জনগণ ও দেশের জন্য জুতসই প্রস্তাব দেবে, তাদের সঙ্গেই বন্ধুত্ব রাখব, নির্দিষ্ট কোনো দেশের সঙ্গে নয়।”