May 25, 2026, 5:21 pm
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপি দেশ পুনর্গঠন করতে চায়। কারণ এই দেশের প্রকৃত মালিক জনগণ। জনগণের সহযোগিতা ছাড়া কোনো পরিকল্পনাই বাস্তবায়ন করা সম্ভব নয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
শনিবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় তিনি বলেন, বিগত তিনটি নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। তবে এবার সেই হারানো অধিকার প্রয়োগের সময় এসেছে। জনপ্রতিনিধি নির্বাচনের পাশাপাশি দেশকে নতুন করে গড়ে তোলার একটি সুযোগ সামনে এসেছে।
তারেক রহমান আরও বলেন, “এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয়, এটি দেশ পুনর্গঠনের নির্বাচন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে দেশের মানুষ হারানো দিনের অধিকার ফিরে পাবে।”
দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যের কথা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, সরকার গঠন করতে পারলে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর ঘোষণা দেন তিনি, যাতে কৃষকরা সহজে ঋণ, সার ও ফসলের বীজ সংগ্রহ করতে পারেন।
ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য সুখবর দেওয়া হবে। তিনি প্রতিশ্রুতি দেন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে।
এ ছাড়া সরকার গঠন করা হলে যত দ্রুত সম্ভব ওই এলাকার বিমানবন্দর চালু করার উদ্যোগ নেওয়া হবে বলেও জনসভায় প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান।