May 25, 2026, 5:19 pm

আমার ভাই বাংলাদেশের এমন চিত্র দেখলে হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না

আমার ভাই বাংলাদেশের এমন চিত্র দেখলে হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতার জন্য যারা জীবন বাজি রেখে দেশকে ঋণী করে গেছেন, রাষ্ট্র ও রাজনীতি তাদের স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছে। বর্তমান বাংলাদেশের বাস্তবতা দেখলে তার শহীদ মুক্তিযোদ্ধা ভাই মুক্তিযুদ্ধে অংশ নিতেন কি না—সে প্রশ্ন তার মনে জাগে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “এখানে রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধারা অথবা তাদের সন্তানেরা উপস্থিত আছেন। আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। আমার ভাই জীবন দিয়েছেন। আজকের বাংলাদেশের চিত্র দেখলে তিনি হয়তো সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না।”

তিনি বলেন, জীবন দিয়ে যারা জাতিকে ঋণী করে গেছেন, তাদের প্রতি রাষ্ট্র, সমাজ, রাজনৈতিক দল ও নেতৃত্ব কী সম্মান দেখিয়েছে—সেই প্রশ্ন আজও রয়ে গেছে। মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল একটি ন্যায় ও সাম্যের বাংলাদেশ, যেখানে মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে, সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হবে। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “এর দায় সাধারণ জনগণের নয়। যারা দফায় দফায় দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন, ভালো কিছু করলে সেটি যেমন তাদের কৃতিত্ব, তেমনি অপকর্মের দায়ও তাদেরই নিতে হবে।” তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের মানুষের শ্রমে উন্নয়ন হলেও নিজ দেশের মানুষের ভাগ্য কেন বদলায় না—এর মূল কারণ অসৎ নেতৃত্ব।

স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে যাওয়ার পরও দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন না আসায় ক্ষোভ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি ভিয়েতনামের উদাহরণ টেনে বলেন, “ভিয়েতনাম আমাদের অনেক পরে স্বাধীনতা পেয়েছে, গৃহযুদ্ধ থেকে বেরিয়ে এসেছে। অথচ আজ তারা উন্নয়নের রোল মডেল। বাংলাদেশে এখনো সন্ত্রাস, চাঁদাবাজি, মামলাবাজি ও দুর্নীতি মানুষের জীবনকে অস্থির করে তুলেছে।”

তিনি আরও বলেন, “এখনো মায়েরা ঘরের ভেতরে নিরাপদ নন, বাইরে কর্মস্থলেও নিরাপদ নন। দুর্নীতি সমাজের প্রতিটি স্তরকে গ্রাস করেছে।”

সমাবেশে জেলা জামায়াতের আমির মাওলানা কাজী মুখলিছুর রহমানের সভাপতিত্বে এবং জামায়াতের জেলা সেক্রেটারি ও হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী কাজী মহসিন আহমদের সঞ্চালনায় ডা. শফিকুর রহমান জেলার চারটি সংসদীয় আসনে ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

সভায় আরও বক্তব্য দেন খেলাফত মজলিশের কেন্দ্রীয় আমির ও হবিগঞ্জ-২ আসনের প্রার্থী মাওলানা আব্দুল বাসিত আজাদ, মহাসচিব ও হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী ড. আহমদ আব্দুল কাদের বাচ্চু, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, জাগপা ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান, সাবেক জাকসু জিএস মাজহারুল ইসলাম, নেজামে ইসলাম সিলেট মহানগর আমির মাওলানা জোবায়ের রহমান খান, হবিগঞ্জ-১ আসনের প্রার্থী মুফতি মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী, গণ অধিকার পরিষদ থেকে সদ্য জামায়াতে যোগ দেওয়া নেতা অ্যাডভোকেট আশরাফুল বারী নোমান এবং জেলা এনসিপির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com