June 22, 2026, 6:46 pm
সরকারি অর্থনৈতিক ও সামাজিক পরিসংখ্যানের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও ব্যবহার বাড়াতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চালু করেছে ‘মাইক্রোডেটা অ্যানালাইসিস ল্যাব’। এই নিরাপদ গবেষণা প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত গবেষক, শিক্ষার্থী, অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকেরা বিবিএসের সংগৃহীত মাইক্রোডেটা ব্যবহার করে গভীরতর গবেষণা ও বিশ্লেষণের সুযোগ পাবেন। তবে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় কাঁচা বা ব্যক্তি-পর্যায়ের তথ্য কোনোভাবেই ল্যাবের বাইরে নেওয়া যাবে না।
সোমবার (২২ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত ‘স্টেকহোল্ডার সেনসিটাইজেশন ওয়ার্কশপ অন মাইক্রোডাটা অ্যানালাইসিস ল্যাব অব বিবিএস’-এ প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়নের জন্য নির্ভরযোগ্য ও মানসম্মত তথ্য অপরিহার্য। অতীতে সরকারি তথ্য-উপাত্তের নির্ভরযোগ্যতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে সরকার এমন একটি তথ্যব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য শুধু তথ্য প্রকাশ করা নয়, বরং গবেষণা ও নীতিনির্ধারণে তথ্যের কার্যকর ব্যবহার নিশ্চিত করা। জিডিপি, দারিদ্র্য, জনসংখ্যা, অর্থনৈতিক শুমারি কিংবা সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রভাব মূল্যায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে বিশ্বাসযোগ্য তথ্যের কোনো বিকল্প নেই। তিনি জানান, তথ্য ব্যবহারের জন্য একটি নীতিমালাও প্রণয়ন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা রাখার বিষয় বিবেচনায় রয়েছে।
কর্মশালায় জানানো হয়, নতুন মাইক্রোডেটা ল্যাবে গবেষকদের জন্য বিশেষ সার্ভার, পৃথক ওয়ার্কস্টেশন, পরিসংখ্যান বিশ্লেষণ সফটওয়্যার এবং নিয়ন্ত্রিত নেটওয়ার্ক সুবিধা থাকবে। নিরাপত্তার কারণে সরাসরি ইন্টারনেট, ই-মেইল বা বাহ্যিক সংরক্ষণ যন্ত্র ব্যবহারের সুযোগ থাকবে না। গবেষণার ফলাফল বাইরে নেওয়ার আগে তা পৃথক পর্যালোচনা কমিটির অনুমোদন নিতে হবে।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার বলেন, দেশের পরিসংখ্যান সেবাকে আধুনিক, নিরাপদ ও ব্যবহারকারী-কেন্দ্রিক করতে এই ল্যাব গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। বিবিএসের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওবায়দুল ইসলাম বলেন, এর মাধ্যমে সরকারি তথ্য ব্যবহারের একটি নিরাপদ ও সুশাসনভিত্তিক কাঠামো গড়ে উঠবে।
কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) সহায়তাপ্রাপ্ত ‘ক্যাপাসিটি বিল্ডিং অব স্ট্যাটিস্টিকস সার্ভিস বেইজড অন প্ল্যাটফর্ম (সিবিএসএসপি)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
Leave a Reply
You must be logged in to post a comment.