July 12, 2026, 1:16 am

৭১ এ জামায়াতে ইসলাম পাকিস্তানের হয়ে কাজ করেছিলেন

৭১ এ জামায়াতে ইসলাম পাকিস্তানের হয়ে কাজ করেছিলেন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিতে অন্যকে সমালোচনা করার আগে নিজের রাজনৈতিক অবস্থান ও ইতিহাস সম্পর্কে সচেতন থাকা জরুরি। জামায়াতে ইসলামের সমালোচনার জবাবে তিনি বলেন, ১৯৭১ সালে তারা কোথায় ছিল এবং কার পক্ষে কাজ করেছে—সেটা দেশবাসীর অজানা নয়। মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলাম পাকিস্তানি শক্তির পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশের স্বাধীনতা রুখতে চেষ্টা করেছিল বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোট জালিয়াতির আশঙ্কা নেই। সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে এবং সরকারও এই নির্বাচনকে গুরুত্ব দিয়ে পরিচালনা করছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এবার ভোটাররা স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

ভোটাধিকারকে ‘পবিত্র আমানত’ উল্লেখ করে তিনি বলেন, তিনি কখনো কারও আমানতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি। সততার সঙ্গে রাজনীতি করেছেন এবং ভবিষ্যতেও করবেন বলেও আশ্বাস দেন। নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতি করে সম্পদ অর্জন করেননি; বরং রাজনীতি করতে গিয়ে নিজের সম্পদ বিক্রি করতে হয়েছে।

সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, হিন্দু সনাতন সম্প্রদায়ের মধ্যে এক ধরনের ভয় কাজ করে—এটা তিনি জানেন। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, যতদিন তাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, ততদিন কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষতি হতে দেওয়া হবে না। বিএনপি সরকার গঠন করতে পারলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করা হবে বলেও তিনি জানান।

ঠাকুরগাঁওবাসীর উদ্দেশে তিনি বলেন, তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে তিনি এলাকার উন্নয়নে কাজ করতে চান। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতিগুলোর কথাও তুলে ধরেন।

মির্জা ফখরুল জানান, বিএনপি ক্ষমতায় এলে প্রথম পর্যায়ে ৫০ লাখ মায়ের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। কৃষকদের জন্য দেওয়া হবে কৃষি কার্ড, যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, বীজ ও সেচ সুবিধা পাবেন। এছাড়া কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে এবং বিভিন্ন এনজিওতে নেওয়া নারীদের ঋণও মাফ করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে দেড় বছরের মধ্যে এক কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com