November 28, 2026, 5:16 am
নেই কোনো জায়গা-জমি। তাইতো কবরস্থানে ঘর বানিয়ে বসবাস করছেন ছয় সদস্যের একটি পরিবার। নেই পয়ঃনিষ্কাশন ও বিদ্যুতের ব্যবস্থা। ১২ বছরের বেশি সময় ধরে সেখানে বসবাস করলেও সম্প্রতি কবরস্থান কর্তৃপক্ষ উচ্ছেদের কথা বলায় দুশ্চিন্তায় রয়েছে পরিবারটি। নীলফামারী সদরের পলাশবাড়ী ইউনিয়নের আরাজী কলোনি কবরস্থানে গেলে এমন দৃশ্য চোখে পড়বে।
স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন স্থানীয় স্কুলশিক্ষক যতীন্দ্র নাথের জমিতে কুঁড়েঘর বানিয়ে বসবাস করে আসছিলেন আব্দুল হক। কিছু দিন পর সেখান থেকে উঠিয়ে দেন ওই স্কুলশিক্ষক। পরে এলাকাবাসীর সহযোগিতায় বিভিন্ন শর্ত সাপেক্ষে কবরস্থানের এক কোনায় বসবাসের সুযোগ করে দেন তৎকালীন কমিটি। তখন থেকে আরাজি কলোনি কবরস্থানের জায়গায় সামাজিক সংগঠনের দেওয়া একটি টিনের ঘর ও দুটি টিন ও খড়ের চালায় ঘরে পলিথিনের ছাউনি লাগিয়ে ছেলে, পুত্রবধূ, দুই নাতি এবং স্ত্রী নিয়ে বসবাস করছেন আব্দুল হক।
অন্যের জমিতে শ্রমিক হিসেবে কাজ করে যা আয় হয়, তা দিয়েই কোনো মতে চলছে তাদের সংসার। আর কাজ না থাকলে বাঁশ কিনে ঝাড়ু বানিয়ে বাজারে বিক্রি করে চালাতে হয় সংসার খরচ।
আব্দুল হক বলেন, যতীন্দ্র মাস্টারের জমিতে ছিলাম। ওখান থাকি উঠে দিল। কবরস্থানে স্ট্যাম্প করি জায়গা দিল সবাই মিলে। এখন নতুন কমিটি এখান থেকে চলি যাবার কয়। কী করব? কোথায় যাব? জানি না। সরকার তো অনেকেই ঘর দিলোহ, আমাকেও একটা দিলে আমিও বউ-বাচ্চা নিয়ে থাকতে পারতাম।
আব্দুল হকের ছেলে ওমর আলী কাঁদতে কাঁদতে বলেন, কী করব আমরা? কী করি খাব? কোথায় যাব? আমাদের কোনো উপায় নেই। মানুষের বাড়িতে কাজ করে খাই। জমি কীভাবে কিনমো। কী করব আমি? যদি সরকার সহযোগিতা করত তাহলে ঠাঁই পাইতাম।
ওমর আলীর স্ত্রী সুমি বেগম বলেন, কবরস্থানে থাকি। এখান থেকে আমাদের উঠি দিবার চাইছে। আমরা কোথায় যাব? আমাদের ঘরও নাই। একটা ঘর এনজিও দিছে। কারেন্ট নাই, কুপি জ্বালায় ভাত খাই রাতে।