November 29, 2026, 7:22 am
ঈদুল আজহা উপলক্ষে গ্রামের বাড়ি নেত্রকোণা ঘুরে মৌলভীবাজারে ফেরার পথে হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। এর মধ্যে গুরুতর অবস্থায় ছয়জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১৮ জুলাই) দুপুর ২টার দিকে মাধবপুর উপজেলার শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত চারজনের মধ্যে মাইক্রোবাসের চালক ছাড়া অন্য তিনজন নিকট আত্মীয় বলে জানা গেছে।
নিহতরা হলেন- নেত্রকোণার ফতেহপুর গ্রামের আব্দুর রউফের ছেলে মুরাদ (২২), একই এলাকার সুরুজ মিয়ার স্ত্রী দিননারি বেগম (৪) ও ইমরুল মিয়ার স্ত্রী হেলেনা বেগম (২৫)। তবে নিহত মাইক্রোবাস চালকের পরিচয় পাওয়া যায়নি।
আহতরা হলেন- নিহত হেলেনা বেগমের স্বামী ইমরুল (৩৫), নেত্রকোণার মদন উপজেলার আব্দুল কাদিরের ছেলে কামরুল (২৬), মৌলভীবাজারের আমজাদ মিয়ার ছেলে মহিউদ্দিন (৩৫), সুরুজ আলীর ছেলে ফাইজুল (৩০), আনোয়ার (২৬) ও আতিকুর (৩৫)। গুরুতর অবস্থায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত কয়েকজন জানান, একটি বাস বিপরীত দিক থেকে এসে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আরও একটি ট্রাক মাইক্রোবাসটিকে এসে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের ভেতর থাকা ১২ জন আহত হন।
হতাহতদের স্বজন জুনু বেগম জানান, মাইক্রোবাসের চালক ছাড়া দুর্ঘটনায় হতাহত সকলেই নিকট আত্মীয়। ঈদুল আজহায় তারা নেত্রকোণার মদন উপজেলার ফতেহপুরে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সোমবার একটি মাইক্রোবাসে তারা মৌলভীবাজারের বর্তমান ঠিকানায় ফিরছিলেন।
তিনি বলেন, হতাহতদের মধ্যে কেউ খালা, খালাতো ভাই ও ভাবি রয়েছেন। আমরা কাকে রেখে কাকে সান্ত্বনা দেব বুঝতে পারছি না।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, দুপুর ২টা দিকে দুর্ঘটনায় খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা হাসপাতালে পাঠায়। নিহতদের মধ্যে মাইক্রোবাস চালক ঘটনাস্থলেই মারা যান। অপর তিনজন হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে মারা যান। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধারের কাজ চলছে। বর্তমানে চারটি মরদেহ হাসপাতালে আছে।