November 29, 2026, 7:37 am

বিদ্যুতের দাম বাড়ার আগেই বাড়ানো হলো আলু রাখার খরচ

বিদ্যুতের দাম বাড়ার আগেই বাড়ানো হলো আলু রাখার খরচ

বৃহত্তর বগুড়ার হিমাগারগুলোতে ধারণক্ষমতা অনুযায়ী এ মৌসুমে আলু সংরক্ষণে কৃষককে গুনতে হবে বাড়তি ৭৫ কোটি ৩০ লাখ টাকা। আলু সংরক্ষণ রেট প্রতি কেজি পাঁচ টাকা দর বেঁধে দেওয়ায় এ বাড়তি খরচ হবে, যা আগের চুক্তিতে ছিল সাড়ে তিন থেকে চার টাকা। প্রতি বস্তা (৫০ কেজি) আলু ১৭৫-২০০ টাকায় রাখা যেতো। এখন সেটি বাড়িয়ে ২৫০ টাকা করা হয়েছে।

বৃহত্তর বগুড়া জেলা কোল্ড স্টোরেজ ওনার্স অ্যাসোসিয়েশনের এক জরুরি নির্দেশনায় এ মূল্য বাড়ানো হয়। যদিও এ বছর হিমাগারের সবচেয়ে বড় খরচ বিদ্যুৎ বিল এখনো এক পয়সাও বাড়ানো হয়নি বলে দাবি বিদ্যুৎ বিভাগের। পূর্বনির্ধারিত রেটেই তারা বিল পরিশোধ করছে।

হিমাগারের মালিকরা জানান, বগুড়া জেলায় হিমাগার আছে ৩৬টি ও জয়পুরহাটে ২০টি। এর মধ্যে বগুড়ার ৩৬টি হিমাগারে তিন লাখ ১৭ হাজার টন এবং জয়পুরহাটের ২০টি হিমাগারে এক লাখ ৮৫ হাজার টন আলু সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।

কৃষকরা জানান, আগে এসব হিমাগারে ৫০ থেকে ৮০ কেজি আলু প্রতি বস্তায় রাখা যেতো। এবার ২০২২ সালে বৈঠক করে কোল্ড স্টোরেজ ওনার্স অ্যাসোসিয়েশন দুটি শর্ত আরোপ করে। একটি হলো ৫০ কেজির বেশি আলু বস্তায় রাখা যাবে না, আরেকটি হিমাগার ভাড়া প্রতি কেজি ৫ টাকা হারে দিতে হবে।

মার্চ থেকে নভেম্বর হিমাগারে আলু সংরক্ষণের মৌসুম। মৌসুম শেষে হিমাগার থেকে আলু বের করার সময় ভাড়া পরিশোধ করতে হয়। চলতি মৌসুম শেষে বাড়তি দামে হিমাগার ভাড়া পরিশোধ করা নিয়ে উদ্বেগে আছেন কৃষক ও ব্যবসায়ীরা। কারণ, গত বছর আলুর দরপতনের কারণে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এ কারণে গত মৌসুমে আলুতে ধস পোষাতে এবার কোমর বেঁধে মাঠে নেমেছেন কৃষক ও ফড়িয়া ব্যবসায়ীরা।

সরেজমিনে শিবগঞ্জ উপজেলার মোকামতলা, দেউলী, কিচক, শিবগঞ্জ, পিরব এলাকার বেশ কয়েকটি হিমাগার ঘুরে দেখা যায়, আলু রাখতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। জেলার বিভিন্ন এলাকা থেকে পরিবহনে আলু নিয়ে ভিড় করতে দেখা গেছে কৃষকদের।

হিমাগার মালিকরাও বলছেন, গতবারের তুলনায় আলু হিমাগারে রাখতে কৃষকদের আগ্রহ এবার বেশি লক্ষ্য করা যাচ্ছে। আলু নেওয়া শুরুর দুই সপ্তাহের মধ্যেই স্টোরেজ প্রায় ৯০ শতাংশ ভরে গেছে।

মোকামতলা আরঅ্যান্ডআর পটেটো কোল্ড স্টোরের সামনে বগুড়া-রংপুর মহাসড়কে আলুবোঝাই ট্রাকের বিশাল লাইন চোখে পড়ে। আলুর বস্তা ভর্তি ট্রাক, পিকআপ, ভটভটি ও অটোভ্যানে ভরে গেছে হিমাগারের আঙিনা।

হিমাগারের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিদিন গড়ে ১০ হাজার বস্তা আলু ঢুকছে। হিমাগারে আলু ঢুকাতে চাঁপাইনবাবগঞ্জ ও ঠাকুরগাঁও থেকে অতিরিক্ত শ্রমিক আনতে হয়েছে। চাপ সামলাতে না পেরে মাঝে মধ্যে দু-একদিন করে বুকিং নেওয়া বন্ধ রাখার ঘোষণাও দেওয়া হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে আলু নেওয়া শুরু হয়েছে। এরই মধ্যে হিমাগারের ধারণ ক্ষমতা শেষ প্রায়। চার-পাঁচদিন পরই আলু রাখা বন্ধ ঘোষণা করা হবে।

একই রকম অবস্থা দেখা গেছে দেউলী ইউনিয়নের এ এইচ জেড কোল্ড স্টোরেজেও। হিমাগারের ভেতরে ঢুকতে না পেরে বগুড়া-রংপুর মহাসড়কের প্রায় আধা কিলোমিটারজুড়ে আলু ভর্তি ট্রাক, পিকআপ, ভ্যান ও ভটভটি দাঁড়িয়ে আছে।

রংপুর থেকে আসা সাইফুল নামের এক ট্রাকচালক বলেন, দুই ঘণ্টা ধরে হিমাগারে ঢোকার জন্য অপেক্ষা করছি। ভেতরে প্রচণ্ড চাপ থাকায় ঢুকতে পারছি না।

ওই কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক আতিয়ার রহমান অ্যাপোলো বলেন, বর্তমানে আলু রাখার খুব চাপ। দুই লাখ ৩০ হাজার বস্তা ধারণ ক্ষমতা সম্পন্ন এ হিমাগারে এরই মধ্যে ৯৫ শতাংশ আলু রাখা হয়েছে।

এদিকে প্রতিটি হিমাগারেই বৃহত্তর বগুড়া জেলা কোল্ড স্টোরেজ ওনার্স অ্যাসোসিয়েশনের নোটিশ টাঙানো দেখা গেছে। প্রতিটি নোটিশেই স্টোর ভাড়া হিসাবে প্রতি কেজি পাঁচ টাকা হারে কৃষকদের থেকে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বস্তা প্রতি ৫০ কেজির বেশি আলু না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

শিবগঞ্জ উপজেলার কাশিপুর এলাকার আলু চাষি শামসুল আলম নাজিম উদ্দীন বলে, গত বছর আলু আবাদ করে লোকসান হয়েছে। এ বছর ফসল তোলার ১৫ দিন আগে বৃষ্টিতে ফলন কম হয়েছে। তাই লাভের আশায় হিমাগারে আলু রাখতে আসছি।

জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা গ্রামের আরিফুল ইসলাম নামের এক কৃষক বলেন, ৭৫ বস্তা আলু রাখতে আরঅ্যান্ডআর কোল্ড স্টোরে এসেছি। মৌসুমের শুরুতে ২০০ থেকে ২৫০ টাকা মণ আলু বিক্রি করতে হয়েছে। ইদানিং দাম কিছুটা বাড়লেও আবার তা কমে যাচ্ছে। তাই আগের বছরের লোকসান পুষিয়ে নিতে হিমাগারে আলু রাখছি।

কালাই উপজেলার নান্দাইল দিঘি এলাকার আলু চাষি আব্দুল্লাহ বলেন, কৃষকদের কষ্ট কেউ দেখে না। বারবার আলু আবাদ করে লস হচ্ছে। সবাই বলছে এবার আলু হিমাগারে রাখলে দাম পাওয়া যাবে। তাই হিমাগারে আলু রাখতে এসেছি। কিন্তু এবার বস্তার ভাড়া বেশি। আবার মাপ কম রাখতে বলা হচ্ছে। তাহলে আমরা টিকবো কীভাবে?

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com