November 29, 2026, 7:36 am

সরকারের জিডিপি প্রবৃদ্ধি সবই ভুয়া: ফখরুল

সরকারের জিডিপি প্রবৃদ্ধি সবই ভুয়া: ফখরুল

সরকার তথ্য সন্ত্রাস করছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকারের জিডিপি প্রবৃদ্ধি সবই ভুয়া।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন, আর না হয় জনগণ আপনাদের ঘাড় ধরে ক্ষমতা থেকে নামাবে।

শুক্রবার (১১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আগে মায়েরা বলতো— ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো। বর্গী এলো দেশে। মানে বর্গীর কথা শুনলে সন্তানরা ভয় পেতো। বর্তমান সরকার (আওয়ামী লীগ) বর্গীর সরকার। এই সরকারের গায়ের চামড়া গণ্ডারের চেয়ে মোটা। সারাদেশের মানুষ বলছে সবকিছুর দাম বেড়ে গেছে, আমি আর পারছি না। কিন্তু সরকারের কিছু যায় আসে না। তারা বলছে সবকিছু ঠিক আছে। উন্নয়ন তো হচ্ছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে ‘আদম ব্যবসায়ী’ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, কৃষকের পণ্য এখানে আমরা যারা ভোক্তা হিসেবে আছি তাদের ১০/১২ গুণ দিয়ে কিনতে হয়। অর্থমন্ত্রী আছেন একজন, যিনি অতীতে আদম ব্যবসা করতেন। পরিকল্পনামন্ত্রী ছিলেন সরকারের আমলা। তিনি বলেন, হ্যাঁ দাম বেড়েছে কিন্তু বিশ্বের তুলনায় কম বেড়েছে। এখানে মুদ্রাস্ফীতি অনেক কম আছে।

তিনি বলেন, নিম্নবিত্ত, মধ্যবিত্তরে মানুষ অসহায় হয়ে পড়েছে। আজ সাধারণ মানুষের করুণ অবস্থা, এই সরকারের গায়ে লাগে না। সবকিছুর দাম বাড়লো কেন? কারণ আপনারা সব চুরি করছেন। চুরি বললে ভুল হবে, ডাকাতি করছেন। সাধারণ ডাকাতি নয় বর্গীদের ডাকাতি।

বিএনপির এ নেতা বলেন, প্রধানমন্ত্রী বলেছে ইউক্রেন যুদ্ধের কারণে দাম বাড়ছে। এটা আরেকটা মিথ্যা কথা না? কারণ ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আগে থেকেই তো দাম বাড়ছে। চালের দাম তো বাড়তেই আছে, তেলের দাম তো বাড়তেই আছে, পেঁয়াজের দাম বাড়তেই আছে। কারণ আপনারা লুট করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন। আর এর সঙ্গে জড়িত সবাই আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের সদস্য।

গত দুই নির্বাচনের সমালোচনা করে তিনি বলেন, ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যদি ভোটে না যায় আর কেয়ারটেকার সরকার নিয়ে কথা বলতে থাকে তাহলে অতলজলে ডুবে যাবে। ওবায়দুল কাদেরকে বলতে চাই, এতো ভয় কেন নিরপেক্ষ সরকারে? এতো ভয় কেন তত্ত্বাবধায়ক সরকারে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দিয়ে দেখন আওয়ামী লীগ ডোবে নাকি বিএনপি ডোবে।

তিনি আরও বলেন, আজ টিসিবির দ্রব্যও নিম্ন আয়ের মানুষও পায় না, কিছু দালাল টিসিবিতে লাইনে দাঁড়িয়ে কালোবাজারে বিক্রি করে দিচ্ছে, এ সরকারের চুরি, ডাকাতির কারণে আজ দ্রব্যমূল্য বেড়েছে, ইউক্রেন-যুদ্ধের কারণে নয়, যুদ্ধের আগেই দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছিল।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, কৃষক দলের নেতা টিএস আইয়ূব, মামুনুর রশীদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com