August 28, 2026, 1:55 pm

দেশের জন্য সবকিছু করতে প্রস্তুত আমরা : তাসকিন

দেশের জন্য সবকিছু করতে প্রস্তুত আমরা : তাসকিন

টানা হারে বিধ্বস্ত বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে একটি ম্যাচেও জিততে পারেনি। এরপর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পর হারে দুই ম্যাচের টেস্ট সিরিজেও। ঢাকা টেস্টের হারটা এসেছিল ইনিংস ব্যবধানে।

ওই দিন রাতেই বাংলাদেশ দলকে উড়াল দিতে হয় নিউজিল্যান্ডের উদ্দেশ্যে। দুদিনের যাত্রা শেষে আজ (শুক্রবার) ভোরে দেশটিতে পৌঁছায় টাইগাররা। এবারের সিরিজে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ

আপাতত নিউজিল্যান্ডে থাকতে হবে সাতদিনের কোয়ারেন্টাইনে। নিউজিল্যান্ড পৌঁছে অবশ্য সমর্থকদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন পেসার তাসকিন আহমেদ। দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই নিউজিল্যান্ডে ভালো খেলার আশা তাসকিনের।

যদিও আশার খবর নেই পরিসংখ্যানে। তিন ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডের মাটিতে ৩৩ ম্যাচ খেলে এখনো কোনো ম্যাচে জয় পায়নি বাংলাদেশ দল। তবে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় এবার নিজেদের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতিই দিলেন তাসকিন।

তিনি বলেছেন, ‘আল্লাহর রহমতে ঢাকা থেকে আমরা এখন নিউজিল্যান্ডে এসে পৌঁছালাম। যদিও অনেক লম্বা ফ্লাইট ছিল। এখন আমাদের কোয়ারেন্টিন শুরু হবে। সবাই সুস্থভাবে পৌঁছেছি। আমাদের এখন সাতদিন রুম কোয়ারেন্টাইন হবে।’

এই পেসার আরও বলেন, ‘কাজটা কঠিন হলেও দেশের জন্য আমরা সবকিছুই করতে প্রস্তুত। আশা করি সামনের দিনগুলোও ভালো কাটবে। সবাই দোয়া করবেন আমরা যেন নিজেদের সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।’

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com