August 15, 2026, 1:10 am

বাবা-মাকে বাড়ি থেকে বের করে দেওয়ায় ৩ ছেলে কারাগারে

বাবা-মাকে বাড়ি থেকে বের করে দেওয়ায় ৩ ছেলে কারাগারে

বৃদ্ধ পিতা-মাতাকে ভরণপোষণ না দিয়ে বাড়ি থেকে বের করে দেয় তিন সন্তান। এ ঘটনায় তিন ছেলেকে আটক করেছে পুলিশ। এছাড়া পিতা-মাতার ভরণ-পোষণের দায়িত্ব নিয়েছে উপজেলা প্রশাসন।

এ ঘটনা খুলনার পাইকগাছা উপজেলার। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় আটক তিন ছেলে মঙ্গলবার (৩ আগস্ট) আদালত থেকে শর্ত স্বাপেক্ষে জামিন লাভ করেন। বিষয়টি মঙ্গলবার রাতে নিশ্চিত করেছেন পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজ শফি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বৃদ্ধ মেছের আলী গাজী (৯৮) ও তার স্ত্রী সোনাভান বিবির চার ছেলে ও পাঁচ মেয়ে। কয়েক বছর আগে চার ছেলে বাবার জমি-জমা লিখে নেয়। এরপর থেকে বড় ছেলে রওশন আলী গাজী মায়ের এবং বাকি তিন ছেলে পালাক্রমে পিতা মেছের আলীর ভরণ-পোষণের দায়িত্ব নেন।

সোমবার (২ আগস্ট) থেকে নিয়ম অনুযায়ী মেজ ছেলের পর ছোট ছেলের খেতে দেওয়া পালা। কিন্তু ছোট ছেলে বাবাকে খেতে না দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। স্বামীর সঙ্গে স্ত্রীও বাড়ি থেকে বের হয়ে পাশ্ববর্তী মানিকতলা বাজারের একটি দোকানে আশ্রয় নেন।

খবর পেয়ে ওইদিন রাত ১০টার দিকে মানিকতলা বাজারে আসেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। ঘটনার সত্যতা যাচাইয়ের পর চার ছেলেকে খুঁজে বের করেন। গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে চার ছেলেকে ডেকে ঘটনার বিস্তারিত জেনে বৃদ্ধ বাবা মেছের আলী গাজী ও মা সোনাভান বিবিকে বড় ছেলে রওশন গাজীর জিম্মায় দিয়ে বাকি তিন ছেলে মতলেব গাজী, মশিয়ার গাজী ও মোশাররফ গাজীকে পুলিশে সোপর্দ করেন। একইসঙ্গে বৃদ্ধ বাবা-মায়ের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও এক মাসের খাবার দেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, বৃদ্ধ বাবা-মায়ের খাবার, চিকিৎসা, পোশাকসহ যাবতীয় ব্যয়ভার এখন থেকে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা প্রশাসন বহন করবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান বলেন, আমি সার্বক্ষণিক তাদের খোঁজ খবর নিচ্ছি। বর্তমানে তারা ভালো আছেন। কোনো অসুবিধা হচ্ছে না।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজ শফি বলেন, ‘অভিযুক্ত তিন সন্তান সামাজিক চাপে বৃদ্ধ পিতা-মাতার ভরণপোষণের দায়িত্ব নিলেও ঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেনি। এমনকি বাবা-মাকে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় তাদেরকে সিআরপিসি’র ১৫১ ধারায় অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। তবে পরবর্তী তারিখে হাজির হওয়ার শর্তে মঙ্গলবার পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তারা জামিন নেন।’

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com