August 24, 2026, 1:03 pm
পরিবারে নতুন সন্তানের জন্মের স্মৃতি ধরে রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি শিশুর জন্মের দিন তার নামে একটি করে গাছ লাগানোর প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও রোডের কালিহালা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।
ডেপুটি স্পিকার বলেন, ‘সন্তানের জন্মের দিন যদি তার নামে একটি গাছ লাগানো হয়, তাহলে শিশুটি যেমন ধীরে ধীরে বড় হবে, একই সঙ্গে গাছটিও বেড়ে উঠবে।’ এ উদ্যোগের মাধ্যমে সন্তানের সঙ্গে গাছটির একটি আবেগঘন সম্পর্ক তৈরি হবে এবং ভবিষ্যতে পরিবার ও সমাজে বৃক্ষরোপণের সংস্কৃতিও গড়ে উঠবে বলে তিনি উল্লেখ করেন।
দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি রোপণ করা গাছ রক্ষায় সাধারণ নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয়ে যায় না; গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। স্থানীয় জনগণ ও সুফলভোগীদের এ কাজে এগিয়ে আসতে হবে। সরকার বা প্রশাসনের একার পক্ষে রাস্তার পাশে কিংবা বিভিন্ন বনায়ন এলাকায় লাগানো সব গাছ রক্ষা করা সম্ভব নয়।
থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের উদাহরণ তুলে ধরে কায়সার কামাল বলেন, এসব দেশে নাগরিকরা নিজ উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় দায়িত্বশীল ভূমিকা পালন করেন। বাংলাদেশেও এমন নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে।
তিনি রাস্তার পাশে লাগানো গাছের কাঠ, ফল ও ছায়া স্থানীয় মানুষই ভোগ করবেন—এমন মানসিকতা তৈরি করে তাদের বৃক্ষরোপণ ও গাছ রক্ষার কাজে সম্পৃক্ত করার পরামর্শ দেন।
ডেপুটি স্পিকার বলেন, বৃক্ষরোপণকে শুধু সরকারি কর্মসূচি হিসেবে না দেখে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। তাহলে পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
ইএটি
Leave a Reply
You must be logged in to post a comment.