August 24, 2026, 10:46 pm

কঠোর লকডাউনেও মাঠে চলছে প্রিমিয়ার ফুটবল লিগ

কঠোর লকডাউনেও মাঠে চলছে প্রিমিয়ার ফুটবল লিগ

আজ থেকে দেশব্যাপী কঠোর লকডাউন। চলবে এক সপ্তাহ। বিনা প্রয়োজনে কেউ ঘরের বাইরে গেলে পড়তে হচ্ছে শাস্তির মুখে, গুনতে হচ্ছে জরিমানা। এমন এক কঠিন পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চলমান রেখেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তবে নারী লিগ ও তৃতীয় বিভাগ লিগ স্থগিত রেখে বাফুফে প্রিমিয়ার লিগের সঙ্গে চলমান রেখেছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগও।

কাজটি কঠিন ছিল বাফুফের জন্য। এ জন্য বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোগাহ গত তিনদিন দৌঁড়ঝাপ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে। শেষ পর্যন্ত ফুটবল মাঠে রাখার চেষ্টায় দারুণভাবে সফলও হয়েছে ফেডারেশন। কেবল খেলা চালানোই নয়, খেলাগুলো টেলিভিশনে সম্প্রচারও হচ্ছে।

কঠোর লকডাউনের প্রথমদিন মুখোমুখি হয়েছে আবাহনী ও চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫ টায় শুরু হয়েছে দুই আবাহনীর লড়াই। লকডাউনে বাফুফের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলগুলোকে কোনো প্রকার বিড়ম্বনা ছাড়া মাঠে আনা।

পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে খেলোয়াড়দের বহনকারী গাড়ি যাতে বিনা বাধায় স্টেডিয়ামে পৌঁছাতে পারে এবং খেলার পর ফিরতে পারে সে ব্যবস্থা করেছে বাফুফে।

প্রিমিয়ার লিগ স্থগিত হলে এ মৌসুমে আর না হওয়ার আশঙ্কা ছিল। যে কারণে বাফুফে সর্বোচ্চ চেষ্টা করে চলমান চারটি লিগের দুটি মাঠে রাখতে পেরেছে কঠোর লকডাউনের মধ্যেও।

ফুটবল মাঠে রাখতে পারায় বাফুফের প্রশংসা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। ‘বিকেল মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানতে চেয়েছিলেন কিভাবে আমরা লকডাউনের মধ্যে দুই দলকে মাঠে এনেছি এবং কিভাবে খেলা চালাচ্ছি। লিগ চালাতে, দল মাঠে আনতে যে ব্যবস্থা নেয়া হয়েছে তা মন্ত্রীকে অবহিত করলে তিনি বাহবাই দিয়েছেন আমাদের’- বলছিলেন বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com