October 12, 2026, 9:09 pm

আজিমপুর স্টাফ কোয়ার্টারে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

আজিমপুর স্টাফ কোয়ার্টারে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের একটি ভবনের বাথরুম থেকে ইসরাত জাহান তুষ্টি (২১) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার (৬ জুন) সকাল সোয়া ৭টার দিকে মরদেহটি উদ্ধার উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক স্টেশনের স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টার ইউনিট ২-এর ১৮ নম্বর ভবনের নিচতলায় একটি রুমের বাথরুমের দরজা ভেঙে ভেতরে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় ইসরাতকে। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দু’জন শিক্ষার্থী মিলে স্টাফ কোয়ার্টারের নিচ তলায় একটি রুমে সাবলেট ভাড়া থাকতেন। সকালে তার রুমমেট ঘুম থেকে উঠে বাথরুমের দরজা ভেতর থেকে লাগানো দেখতে পান। তবে ভেতরে কলের পানি পড়ছিল। এরপর ওই রুমমেট ৯৯৯ এর মাধ্যমে তাদের খবর দিলে পরে ওই বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। অসুস্থতাজনিত কারণে তিনি বাথরুমের ভেতরে পড়ে মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে জানতে পেয়েছি। তিনি গত শনিবার (৫ জুন) বৃষ্টিতে ভিজেছিলেন। এজাড়া তার ঠাণ্ডার সমস্যা ছিল বলে জানতে পেরেছি।

এদিকে মৃতের সহপাঠী শাফায়েত আহমেদ জানান, ইসরাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। থাকতো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ৪২২ নম্বর কক্ষে। হল বন্ধ থাকায় ইসরাত আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে সাবলেট থাকতো। তার বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলায়। বাবার নাম আলতু মিয়া।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ওই শিক্ষার্থীকে বাথরুমের দরজা ভেঙে উদ্ধার করে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com