August 31, 2026, 11:39 pm
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কষ্ট সহ্য করতে না পেরে আব্দুল বারিক নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (২৯ মার্চ) দুপুরে বগুড়ার শাজাহানপুরে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আব্দুল বারিক উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল দক্ষিণ বাগিনাপাড়া গ্রামের মৃত আব্বাস আলী ফকিরের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
স্থানীয়রা জানান, দুই পরিবারের সমঝোতায় রোববার (২৮ মার্চ) বিকেলে আব্দুল বারিক ও তার স্ত্রীর বিচ্ছেদ হয়। পরে তার স্ত্রী বাবার বাড়ি চলে যান। রাতে আব্দুল বারিক তার ঘরে ঘুমাতে যান। সকালে অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে বারিকের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। স্ত্রী চলে যাওয়ায় অভিমানে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছে আত্মীয়-স্বজনরা।
শাজাহানপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় আব্দুল বারিকের মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিজনেস নিউজ/এসকে