July 26, 2026, 5:03 pm

মাদরাসা ছাত্রকে বেদম মারধর, শিক্ষক বরখাস্ত

মাদরাসা ছাত্রকে বেদম মারধর, শিক্ষক বরখাস্ত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মারকাযুল কোরআন ইসলামিক একাডেমির এক শিক্ষক ওই মাদরাসার হিফজ বিভাগের শিশু শিক্ষার্থীকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শিক্ষক হাফেজ ইয়াহিয়া মাদরাসার শিক্ষার্থী ইয়াসিন ফরহাদকে মারধরের ঘটনার পরে হাটহাজারী উপজেলার ইউএনও রুহুল আমিনের নেতৃত্ব মঙ্গলবার (৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে মাদরাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়ে।

ইউএনও রুহুল আমিন বলেন, ওই শিক্ষক ইয়াহিয়াকে মাদরাসা থেকে বরখাস্ত করা হয়েছে। রাতেই হাটহাজারী মাদরাসা থেকে তিনি রাঙ্গুনিয়া চলে গেছেন।

তিনি আরো বলেন, নির্যাতনের শিকার শিশুটির বাবা-মা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিতে চাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন ও আমার পক্ষ থেকে মামলার খরচ চালানোর কথা বললেও তারা তাতে রাজি হয়নি। এমনকি তারা একটি আবেদনে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কথা বলেন।

শিশুর মা-বাবা বলেন, আল্লাহ বিচার করবেন। যেহেতু  শিশুটির মা-বাবা ব্যবস্থা নিতে লিখিতভাবে অস্বীকৃতি জানিয়েছেন তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।

জানা গেছে, মঙ্গলবার ইয়ামিনের মা-বাবা তার সঙ্গে দেখা করতে মাদরাসায় যায়। বিকেল ৫টার দিকে ফিরে আসার সময় সেও পেছন পেছন চলে আসে। এরপর শিক্ষক ইয়াহিয়া সেখান থেকে ইয়াসিনকে ধরে এনে পেটাতে শুরু করে। এমনকি মাদরাসার ভেতরেও অমানুষিকভাবে শিশুটির ওপর নির্যাতন চালায়।

পরে শিশুটির মা-বাবা উপস্থিত হয়ে আটকের শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে না বলে লিখিতভাবে জানায়। শিশুটির মা-বাবা লিখিতভাবে বলেন, কাজটি নিন্দনীয় ও এ ঘটনায় তারা মর্মাহত। তারপরেও সন্তানের শিক্ষকের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেবেন না তারা। হাফেজ ইয়াহিয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সাফরভাটা গ্রামের মোহাম্মদ ইউনুসের ছেলে।

এ দিকে ভাইরাল হওয়া ৩২ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, রাস্তা থেকে শিশুটিকে ধরে নিয়ে যায় ইয়াহিয়া। পরে মাদরাসার ভেতরে নিয়েও পেটাতে থাকে। শিশুটি চিৎকারেও তার মন গলেনি। ইয়াহিয়া পেটাতে পেটাতে বলতে থাকেন আর বের হবি! এই ভিডিও দেখে অনেকেই ঘটনাটিকে নিন্দনীয় বলেছেন।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com