August 24, 2026, 2:34 pm
করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে বিশ্বের উন্নত দেশ দিশেহারা, তখন বাংলাদেশ দক্ষতার সঙ্গেই সবকিছুর মোকাবেলা করেছে। সংক্রমণ যেমন কম ছিল, তেমনই দেশে টিকাদান কর্মসূচিও শুরু হয়েছে অনেকের আগে। এরইমধ্যে প্রায় অর্ধলক্ষ মানুষ নিয়েছেন করোনা ভ্যাকসিন। অপেক্ষায় আরও অর্ধলক্ষ। প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে টিকার প্রথম ডোজ নিয়েই নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। তাসমান সাগর পাড়ের দেশে তিন ম্যাচ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের অপেক্ষায় দল।
তার আগে নিয়ম মেনেই টাইগাররা শেষ করেছে কোয়ারেন্টাইন। বন্দি জীবনের দুঃসহ অভিজ্ঞতা পেছনে ফেলে দল এখন মুক্ত। ধবার ক্রাইস্টচার্চ ছেড়ে কুইন্সটাউনে পা রেখেছে দল। দুই সপ্তাহ পর মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানালেন তামিম ইকবাল।
কারণটাও সংগত। নিউজিল্যান্ডেই নয়, গোটা বিশ্বেই এখন প্রশংসিত বাংলাদেশ। কারণ দারুণ দক্ষতায় করোনা পরিস্থিতি সামাল দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভ্যাকসিন নিয়ে নিউজিল্যান্ডে পা রেখেছে দল। এ নিয়ে খোদ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তামিম ইকবাল।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বুধবার বলছিলেন, ‘দেখুন, আমাদের দেশ দুর্দান্ত কাজ করেছে এ নিয়ে। আমাদের প্রধানমন্ত্রী সব কিছুতেই এগিয়ে আছেন। তিনি চমৎকার কাজ করেছেন। জাতি হিসেবে আমরা খুবই ভাগ্যবান। শুধু ক্রিকেটাররাই নয়, সাধারণ মানুষও ভ্যাকসিন নেওয়ার সুযোগ পাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা বিনামূল্যে দেওয়া হচ্ছে।’
প্রাণঘাতি ভাইরাস মোকাবেলায় সরকার যেভাবে কাজ করেছে তাতে দেশের বাইরেও উজ্জ্বল হয়েছে ভাবমূর্তি। তামিম ইকবালও গর্বিত, ‘বাংলাদেশ যা করছে তা নিয়ে আমরা জাতি হিসেবে গর্বিত। আমি নিশ্চিত অন্য দেশও আমাদের এই কার্যক্রম অনুসরণ করবে। দ্রুত আর পরে সম্ভবত আমাদের সবাইকে ভ্যাকসিন নিতেই হবে। আমি ব্যক্তিগতভাবে প্রথম ডোজ নিয়েছি। কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি।’
সব মিলিয়ে স্বস্তি নিয়েই এবার ক্রিকেটে মন দেবে বাংলাদেশ দল। কুইন্সটাউনে চলবে ৫ দিনের ক্যাম্প। এরপর ২০ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু টাইগারদের। সিরিজের পরের দুই ওয়ানডে ২৩ ও ২৬ মার্চ। এরপর আগামী ২৮ মার্চ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের পরের দুটি টি-টুয়েন্টি ৩০ মার্চ ও ১ এপ্রিল।